রাজধানীবাসীর মূল্যবান সম্পদ ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিশেষ করে বিয়ের অনুষ্ঠান শেষে বিপুল পরিমাণ স্বর্ণালংকার বা নগদ অর্থ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের সময় নিরাপত্তা দেবে পুলিশ।
নিরাপত্তা চেয়ে আবেদনের আহ্বান রোববার (২২ মার্চ) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, 'ঈদের পরে বর্তমানে বিভিন্ন স্থানে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। অনেক ক্ষেত্রে মূল্যবান গহনা হোটেল বা কমিউনিটি সেন্টার থেকে বাড়িতে নেওয়ার প্রয়োজন পড়ে। এই গহনা পরিবহনের ক্ষেত্রে কেউ যদি নিরাপত্তাহীনতায় ভোগেন বা নিরাপত্তা চান, তবে নিকটস্থ থানায় যোগাযোগ করলে আমরা সর্বোচ্চ সহযোগিতা প্রদান করব।'
স্বর্ণালংকার রক্ষায় পুলিশের পরামর্শ ঈদের ছুটিতে যারা ঘর ছেড়েছিলেন, তাদের উদ্দেশ্যে এর আগে পুলিশ স্বর্ণালংকার থানায় বা ব্যাংকের ভল্টে রাখার আহ্বান জানিয়েছিল। এ প্রসঙ্গে ডিবি প্রধান বলেন, 'আমরা জনগণকে আহ্বান জানিয়েছিলাম যেন তারা মূল্যবান জিনিসপত্র থানায় বা ব্যাংকের ভল্টে জমা রাখেন। এটি নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই করা হয়েছিল। যারা আমাদের সহযোগিতা চেয়েছেন, আমরা তাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছি।'
ঈদোত্তোর নিরাপত্তা ব্যবস্থা ঈদের সময় ও পরবর্তী দিনগুলোতে রাজধানীর সার্বিক নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন ডিবি প্রধান। তিনি উল্লেখ করেন, পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য বর্তমানে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রয়েছেন। ঢাকা মহানগর পুলিশ কমিশনার নিজেও বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত পরিদর্শন করছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা ও সতর্কতা ব্রিফিংয়ে জানানো হয়, ঈদে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাজধানী শান্ত ছিল। পুলিশের টহল দল প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সক্রিয় রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় আগামী দিনগুলোতেও পুলিশের এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।