ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরগুলোতে খেলার গতি ও ভারসাম্য বজায় রাখতে বল পরিবর্তনের নিয়মে বড় ধরনের সংস্কার এনেছে বিসিসিআই। মাঠের আম্পায়ারদের হাতেই এই বল পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকছে। তবে রাতের ম্যাচে পরে বোলিং করা দলের অধিনায়কদের জন্য থাকছে বাড়তি সুবিধা।
কখন বল পরিবর্তন করা যাবে? বিসিসিআইয়ের নতুন নির্দেশিকা অনুযায়ী প্রধানত তিনটি ক্ষেত্রে বল পরিবর্তন করা সম্ভব। প্রথমত, যদি ম্যাচ চলাকালীন বল হারিয়ে যায় বা কোনোভাবে তা আর খুঁজে পাওয়া না যায়। দ্বিতীয়ত, আম্পায়াররা যদি মনে করেন বলটি খেলার জন্য সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। এবং তৃতীয়ত, শিশিরের কারণে বল অতিরিক্ত ভিজে গেলে। তবে এসব ক্ষেত্রে কোনো নতুন বল দেওয়া হবে না। বরং যে বলটি পরিবর্তন করা হচ্ছে, সেটি যত ওভার ব্যবহৃত হয়েছিল, ঠিক তত ওভার ব্যবহৃত হয়েছে এমন একটি বল (Old ball matching the state) সরবরাহ করবেন আম্পায়াররা।
অধিনায়কদের জন্য বিশেষ সুযোগ রাতের ম্যাচে যারা দ্বিতীয় ইনিংসে বোলিং করবেন, সেই দলের অধিনায়ক চাইলে ১০ ওভার শেষ হওয়ার পর বল পরিবর্তনের আবেদন করতে পারবেন। তবে এই আবেদন ওভারের মাঝে করা যাবে না; এটি করতে হবে দুটি ওভারের মধ্যবর্তী সময়ে। সাধারণত রাতের ম্যাচে শিশিরের কারণে বল পিচ্ছিল হয়ে যায়, যা স্পিনার ও পেসার উভয়ের জন্যই গ্রিপ করা কঠিন করে তোলে। এই সমস্যা সমাধানের লক্ষ্যেই বিসিসিআই এই নিয়ম প্রবর্তন করেছে।
আম্পায়ারদের ভূমিকা ও শর্ত অধিনায়ক আবেদন করলেই যে বল পরিবর্তন করা হবে, বিষয়টি তেমন নয়। আম্পায়াররা প্রথমে বলটি পরীক্ষা করে দেখবেন। যদি তাদের কাছে অধিনায়কের দাবি যুক্তিসঙ্গত মনে হয় এবং বলটি সত্যিই খেলার অনুপযোগী হয়ে থাকে, তবেই তারা বল পরিবর্তনের অনুমতি দেবেন। বিসিসিআই স্পষ্ট করে জানিয়েছে, এই বিশেষ নিয়মটি শুধুমাত্র ফ্লাডলাইটের নিচে হওয়া রাতের ম্যাচগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে।