• দেশজুড়ে
  • হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে সংবাদ সম্মেলন

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে সংবাদ সম্মেলন

দেশজুড়ে ১ মিনিট পড়া
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে সংবাদ সম্মেলন

আব্দুল মালেক মিয়া,ব্যুরো চীফ,গাজীপুরঃ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর সিভিল সার্জন অফিসে শনিবার সকালে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ক্যাম্পেইনের লক্ষ্য, প্রস্তুতি ও করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. সাবরিনা মোহনা এবং উদ্বোধন করেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ডা. রুবানা আফসান, ডা. জাসেম ফারহানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০ এপ্রিল সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। জেলায় মোট ৯৩৬টি কমিউনিটি এবং ২৩৪টি বিদ্যালয়ভিত্তিক টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৮১ হাজার ৭৬৮ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় এখন পর্যন্ত ৩০৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে, ২৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে, ২১৯ জন সুস্থ হয়েছে এবং ৫৪ জনের শরীরে হাম পজেটিভ পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম-রুবেলা প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। এজন্য সকল অভিভাবককে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিকটস্থ কেন্দ্রে শিশুদের টিকা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।