• বিনোদন
  • প্রতিশোধের আগুনে জ্বলছে দুই নারী, মুক্তির পরেই বিশ্বজুড়ে সাড়া ফেলল নতুন কোরীয় থ্রিলার

প্রতিশোধের আগুনে জ্বলছে দুই নারী, মুক্তির পরেই বিশ্বজুড়ে সাড়া ফেলল নতুন কোরীয় থ্রিলার

বিনোদন ১ মিনিট পড়া
প্রতিশোধের আগুনে জ্বলছে দুই নারী, মুক্তির পরেই বিশ্বজুড়ে সাড়া ফেলল নতুন কোরীয় থ্রিলার

স্বামীর পাশবিক নির্যাতনের জবাব কি হত্যা? নেটফ্লিক্স কাঁপানো K-Drama ‘অ্যাজ ইউ স্টুড বাই’-এর গভীরে কী বার্তা লুকিয়ে?

বিশ্বজুড়ে ঝড় তুলেছে নতুন K-Drama

মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ঝড় তুলেছে আরও একটি দক্ষিণ কোরীয় সিরিজ ‘অ্যাজ ইউ স্টুড বাই’। নেটফ্লিক্সের নিজস্ব তথ্য অনুযায়ী, মুক্তির সঙ্গে সঙ্গেই এটি প্ল্যাটফর্মের সর্বাধিক স্ট্রিমিং হওয়া বিদেশি ভাষার সিরিজের তালিকায় ৮ নম্বরে উঠে এসেছে। এর মধ্যেই ২২টি দেশের শীর্ষ দশের তালিকায় জায়গা করে নিয়ে এই আট পর্বের সিরিজটি প্রমাণ করেছে তার জনপ্রিয়তা। মূলত দুই নারীর ঘুরে দাঁড়ানো এবং প্রতিশোধের এক রুদ্ধশ্বাস গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই থ্রিলার।

গল্পের গভীরে প্রতিশোধের আগুন

সিরিজটির পরিচালক লি জেওং-রিম। এর কাহিনির কেন্দ্রে রয়েছে দুই নারী চরিত্র—ইউন-সু (অভিনয়ে জিওন সো-নি) এবং হুই-সু (অভিনয়ে লি ইউ-মি)। হুই-সু তার স্বামী নো জাং-প্যোর (জাং সেউং-জো) হাতে প্রতিনিয়ত পাশবিক নির্যাতনের শিকার। এক পর্যায়ে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে সে তার বন্ধু ইউন-সুর সঙ্গে মিলে স্বামীকে হত্যার এক ভয়ঙ্কর পরিকল্পনা করে। কিন্তু শেষ পর্যন্ত কি তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে? নাকি গল্প মোড় নেয় অন্য কোনো দিকে? প্রতিটি পর্বে এই রহস্যই দর্শকদের আটকে রেখেছে পর্দার সামনে।

চরিত্র হয়ে উঠতে অবিশ্বাস্য রূপান্তর

সিরিজটির অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত অভিনেত্রী লি ইউ-মি। ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “থ্রিলারের মোড়কে এই সিরিজে আসলে নারীর ক্ষমতায়নকেই তুলে ধরা হয়েছে। এমন একটি শক্তিশালী বিষয়বস্তু হওয়ার কারণেই আমি এতে যুক্ত হয়েছি। মুক্তির আগে কিছুটা স্নায়বিক চাপে ছিলাম, তবে মুক্তির পর দর্শকের প্রতিক্রিয়া পেয়ে আমি অভিভূত।”

চরিত্রের জন্য নিজের প্রস্তুতির কথা জানাতে গিয়ে তিনি আরও বলেন, “মানসিক চাপ বেড়ে গেলে আমি শুটিংয়ের ফাঁকে বিরতি নিতাম। তবে কেবল মানসিকভাবে নয়, এই চরিত্রের জন্য আমাকে শারীরিকভাবেও প্রস্তুত হতে হয়েছে। ওজন ৪১ কেজি থেকে ৩৭ কেজিতে নামিয়ে এনেছিলাম। নির্মাতা চেয়েছিলেন চরিত্রটি যে শারীরিক ও মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তা যেন নিখুঁতভাবে ফুটে ওঠে। আমিও সেটাই তুলে ধরতে চেয়েছি।”

নারীর চোখে নারীর গল্প

এই সিরিজের অন্যতম বড় শক্তি হলেন এর নারী নির্মাতা লি জেওং-রিম। তিনি মনে করেন, বেশিরভাগ সিনেমা বা সিরিজে নারী চরিত্রগুলোকে অত্যন্ত ‘একঘেয়ে’ এবং ‘বাস্তবতাবিবর্জিত’ হিসেবে উপস্থাপন করা হয়। তিনি এমন কিছু চরিত্র নির্মাণ করতে চেয়েছিলেন, যাদের সঙ্গে দর্শকরা, বিশেষ করে নারী দর্শকরা, সহজেই একাত্মবোধ করতে পারবেন। ‘অ্যাজ ইউ স্টুড বাই’-এর মাধ্যমে তিনি সেই চেষ্টাই করেছেন।

নির্মাতা সরাসরি কিছু না বললেও কোরীয় গণমাধ্যমগুলোর জোর জল্পনা, এই সিরিজের বিপুল জনপ্রিয়তার কারণে এর দ্বিতীয় মৌসুম আসা প্রায় নিশ্চিত।

Tags: netflix web series k-drama korean series revenge thriller as you stood by