অনেক সময় বলিউডের আলো ঝলমলে মঞ্চও অস্বস্তির আঁধারে ঢেকে যায়। আর ঠিক তেমনটাই ঘটল দিল্লির সাম্প্রতিক একটি লাইভ কনসার্টে। হাজারো দর্শকের গর্জন, আলো ঝলমলে স্টেজ, আর কেন্দ্রবিন্দুতে জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর—তবে এবার আনন্দে মগ্ন হওয়ার বদলে চারদিকে ছড়িয়ে পড়ছে সমালোচনার ঝড়। নেহার পারফরম্যান্সকে ঘিরে হঠাৎই তৈরি হয়েছে বিতর্ক, যা সামাজিক মাধ্যমে রীতিমতো শুরু করেছে তোলপাড়।
বুকে জল ঢালার দৃশ্য ভাইরাল: পোশাক ও অঙ্গভঙ্গির সমালোচনা
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নেহা কক্কর তাঁর সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, গান আর নাচের ফাঁকে নেহা পানির বোতল হাতে তুলে নিয়ে তা নিজের বুকের ওপরে ঢালতে থাকেন। শরীর থেকে জল গড়িয়ে পড়ছে, তবুও গান আর নাচ চালিয়ে যান এই শিল্পী।
তাঁর পরনে ছিল শরীরচাপা লেপার্ড-প্রিন্ট আউটফিট—ব্রালেট, ফ্রিঞ্জড মিনি স্কার্ট এবং থাই-হাই বুট (Thigh-High Boot), যা তাঁকে দারুণ আবেদনময়ী (Sensual) করে তুলেছিল। লম্বা ব্লন্ড (Blonde) ঢেউ খেলানো চুল ঝাঁকিয়ে গানের তালে তাঁর শারীরিক মুভমেন্টে নেহা যেন স্পষ্টভাবেই পারফরম্যান্সের ‘মুড’ ঠিক করে দিচ্ছিলেন।
নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়া: ‘অশ্লীল’ মন্তব্য
নেহার এই পারফরম্যান্স দেখে নেটিজেনদের একাংশ উচ্ছ্বাস প্রকাশ করে মন্তব্য করেছেন, ‘অদম্য নেহা-এনার্জি’ কিংবা ‘মঞ্চে কী দাপট’। তবে অন্য একটি অংশ তাঁর পারফরম্যান্সের অঙ্গভঙ্গি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। বুকের ওপরে জল ঢালার দৃশ্যটিকে কেউ কেউ ‘অশ্লীল’ বলে মন্তব্য করেছেন।
স্নেহা নামে একজন কঠোর মন্তব্য করে লিখেছেন, ‘নোংরা।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘কুৎসিত।’ কেউ কেউ তাঁকে ‘বার ড্যান্সার’ বলেও চরম সমালোচনা করেছেন। নেটিজেনদের এই মিশ্র প্রতিক্রিয়া সমাজিক মাধ্যমে বিতর্কের মাত্রা বাড়িয়েছে।
নেহা কক্করের উত্থান
২০০৫ সালে ইন্ডিয়ান আইডলের মাধ্যমে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন নেহা কক্কর। এরপর ২০০৮ সালে ভাই টনির সঙ্গে মুম্বাই পা রাখেন এবং সেই বছরই ‘নেহা দ্য রকস্টার’ নামে তাঁর প্রথম গানের অ্যালবাম মুক্তি পায়। ২০১৩ সালে ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ সিনেমার ‘ধাতিং নাচ’ গানে প্রথম প্লেব্যাক করেন। ২০১৪ সালে তাঁর ‘সানি সানি’ গানটি দারুণ হিট হওয়ার পর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এরপর তিনি একের পর এক তুমুল জনপ্রিয় গান উপহার দিয়ে বলিউডের অন্যতম জনপ্রিয় শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।