ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদির ওপর যারা গুলি চালিয়েছে, তারা প্রায় দুই সপ্তাহ আগে তার প্রচারণার টিমে যোগ দিয়েছিলেন। এমনটাই জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিবিসি বাংলার এক প্রতিবেদনে তিনি জানান, একটি মোটরসাইকেলে করে আসা দুজনের মধ্যে থেকে একজন ওসমান হাদির ওপর গুলি চালায়। এই দুজন প্রায় দুই সপ্তাহ আগে প্রচারণার টিমে যোগ দিলেও, মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি। তবে ঘটনার কিছুদিন আগে তারা আবার প্রচারণার কাজে যুক্ত হয় ।
গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হাদি
এর আগে শুক্রবার দুপুরে ওসমান হাদি গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যায় তাকে ঢামেক থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ।
চিকিৎসকের বক্তব্য ও পরবর্তী পদক্ষেপ
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, হাদির মাথায় বুলেটের আঘাতসহ বুকে ও পায়ে আঘাত রয়েছে। পায়ের আঘাতটি রিকশা থেকে পড়ে গিয়ে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা মেডিকেলে একটি প্রাথমিক সার্জারি (অস্ত্রোপচার) করা হয়েছে। পরিবারের সম্মতিতেই তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে, যেখানে হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে ।
তদন্তে পুলিশ ও র্যাব
এদিকে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে। তারা ঘটনাস্থল থেকে ভিডিও ও সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা জানান, তারা প্রাপ্ত সব তথ্য যাচাই করে দেখছেন ।