গোপন সুড়ঙ্গের অবস্থান ও বিবরণ পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী পডলাসিয়ে অঞ্চলের নারোভকা গ্রামের কাছে এই সুড়ঙ্গটি আবিষ্কার করে। সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আন্দ্রেই ইউজভিয়াক জানান, সুড়ঙ্গটি সীমান্তের কাঁটাতারের বেড়া ও একটি প্রযুক্তিগত সড়কের নিচ দিয়ে নির্মাণ করা হয়েছিলো। এটি কয়েক দশ মিটার দীর্ঘ এবং প্রায় দেড় মিটার উঁচু। এর প্রবেশপথটি বেলারুশ সীমান্তের ভেতরে প্রায় ৫০ মিটার দূরে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিলো এবং পোল্যান্ডের দিকে এর মুখ ছিল সীমান্ত বেড়া থেকে আনুমানিক ১০ মিটার দূরে।
তাৎক্ষণিক অভিযানে আটক ১৩০ জন ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থায় অস্বাভাবিক গতিবিধি ধরা পড়ার পর কর্মকর্তারা বুঝতে পারেন, অল্প সময়ের মধ্যে একটি বড় দল এই সুড়ঙ্গ ব্যবহার করেছে। এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১৩০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়। আটক হওয়াদের বেশিরভাগই আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক। এছাড়াও ভারত, নেপাল এবং বাংলাদেশের নাগরিকরা রয়েছেন। বাকি প্রায় ৫০ জন পলাতক থাকায় তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। অভিযানে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সেনাবাহিনী, পুলিশ ইউনিট এবং প্রশিক্ষিত কুকুর অংশ নিচ্ছে।
মানবপাচারকারী সন্দেহে আটক ২ জন অভিবাসী অনুপ্রবেশের এই ঘটনায় মানবপাচার সহায়তাকারী সন্দেহে দু'জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন পোল্যান্ডের মালোপোলস্কা অঞ্চলের ৬৯ বছর বয়সী বাসিন্দা এবং অন্যজন ৪৯ বছর বয়সী লিথুয়ানিয়ার নাগরিক। অভিযোগ রয়েছে, তারা এই অভিবাসীদের ইউরোপের পশ্চিমাঞ্চলের দিকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। তাদের বিরুদ্ধে বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিবাসন সংকট ও পোল্যান্ডের পদক্ষেপ ২০২১ সাল থেকে পোল্যান্ড-বেলারুশ সীমান্ত তীব্র অভিবাসন সংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পোল্যান্ড অভিযোগ করে যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিরুদ্ধে ‘হাইব্রিড অভিযান’ হিসেবে বেলারুশ ইচ্ছাকৃতভাবে অবৈধ অভিবাসী প্রবাহকে উৎসাহিত করছে। এর প্রতিক্রিয়ায় পোল্যান্ড সীমান্তে ইস্পাতের বেড়া নির্মাণ, নজরদারি অবকাঠামো জোরদার এবং সীমান্ত এলাকায় নিয়ন্ত্রিত অঞ্চল ঘোষণা করেছে।