মূল অভিযুক্ত পলাতক, চলছে অভিযান মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বংশালের সিক্কাটুলি এলাকায় রায়হান রাজ ওরফে ব্যোম রায়হানের বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্রটি পাওয়া যায়। তিনি ওই এলাকার ‘ব্যোম রায়হান গ্রুপের’ সক্রিয় সদস্য বলে জানা গেছে। তবে, অস্ত্র উদ্ধারের সময় তিনি বাড়িতে ছিলেন না এবং তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের মাধ্যমে তারা জানতে পারেন যে ৫ আগস্ট পরবর্তী সময়ে থানা লুটের একটি অস্ত্র (বিদেশি পিস্তল) বংশাল এলাকায় গোপনভাবে লুকিয়ে রাখা হয়েছে। এ ঘটনার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পর অস্ত্রের প্রাথমিক অবস্থান সিক্কাটুলীর একটি বাসায় নিশ্চিত হওয়া যায়। পরবর্তীতে সিক্কাটুলী এলাকায় চারজন সন্দেহভাজনের বাসস্থানে তল্লাশি অভিযান চালানো হয়।
বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার অভিযানে রায়হান রাজের বাসা থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। বংশাল থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে উদ্ধার হওয়া অস্ত্রটি তাদের থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে একটি।
একই অভিযানে সামির নামের আরেক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সামুরাই, একটি বড় চাকু, দুটি ছোট চাকু এবং ৫টি কিলার গিয়ার (স্পোকেট) উদ্ধার করা হয়। এসব দেশীয় অস্ত্র রাখার অভিযোগে চারজনকে আটক করেছে সেনাবাহিনী। সন্দেহভাজন গ্রেপ্তার হওয়া চারজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।