কলকাতার সুপারস্টার দেবের সঙ্গে ফারিন খানের সিনেমা করার গুঞ্জন একসময় বেশ জোরালো ছিল। এতদিন পর সেই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করলেন ঢালিউড অভিনেত্রী ফারিন খান। কালবেলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দেবের সঙ্গে কাজের খবরটি মোটেও গুজব ছিল না, বরং তিনি অডিশন দিয়ে নির্বাচিত হয়েছিলেন।
'ককপিট' সিনেমায় নির্বাচিত হলেও হাতছাড়া
জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে ২০১৭ সালের সিনেমা 'ককপিট'-এ অভিনয়ের সুযোগ এসেছিল ফারিন খানের। দেবের সঙ্গে কাজের বিষয়ে তিনি বলেন, 'এটা কোনো গুঞ্জন ছিল না, একদম সত্যি ছিল। আমি কলকাতায় গিয়ে অডিশনও দিয়েছিলাম এবং আমাকে সিলেক্ট করা হয়েছিল। সিনেমাটির নাম 'ককপিট'। পরে যে চরিত্রটি রুক্মিণী মৈত্র করেছেন (এয়ার হোস্টেস), সেটার জন্যই আমাকে নেওয়া হয়েছিল।'
তবে কেন সেই সিনেমা করা হয়নি— এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সেই সময় ব্যক্তিগত কারণে তিনি কাজ থেকে বিরতি নিয়েছিলেন বা কাজ ছেড়ে দিয়েছিলেন। যার ফলে দেবের প্রোডাকশনের প্রথম বাংলাদেশি আর্টিস্ট হওয়ার এই বড় সুযোগটি হাতছাড়া হয় তার।
শুরুর দিকে ৪-৫টি সিনেমা মুক্তি না পাওয়ার আক্ষেপ
দেবের সিনেমা হাতছাড়া হওয়ার চেয়েও বড় আক্ষেপ ফারিন খানের ক্যারিয়ারের শুরুর দিকের অন্য সিনেমাগুলো নিয়ে। অভিনেত্রী জানান, তিনি ৪ থেকে ৫টি সিনেমার শুটিং ও ডাবিং পুরোপুরি শেষ করেছিলেন। সিনেমাগুলো সেন্সর ছাড়পত্রও পেয়েছিল, কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান অজানা কারণে সেগুলো আর মুক্তি দেয়নি।
তিনি বলেন, 'আমার শুটিং ডান, ডাবিং কমপ্লিট। আমাকে তারা পেমেন্টও করেছিল। কিন্তু কাজগুলো কেন রিলিজ করেনি আমি জানি না। শিপন ভাই, রোশান এবং তানভীরের বিপরীতে এই সিনেমাগুলো ছিল।'
আক্ষেপ করে তিনি আরও বলেন, 'ওই সময়ের সিনেমাগুলো রিলিজ হলে হয়তো আমার ক্যারিয়ারের ক্রেজটা অন্যরকম থাকত। যখন দেখলাম পরপর ৪টা সিনেমা রিলিজ হলো না, তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। মনে হয়েছে সিনেমায় আর এফোর্ট না দেই।'
'অগ্নি ৩' এবং মাহির রিপ্লেসমেন্ট প্রসঙ্গ
জাজ মাল্টিমিডিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি 'অগ্নি ৩'-এ মাহিয়া মাহির স্থলাভিষিক্ত হওয়া নিয়েও আলোচনায় ছিলেন ফারিন খান। তিনি স্বীকার করেন যে, তখন তাকে নিয়ে অনেক খবর হয়েছিল এবং তিনিও রিপ্লেসমেন্ট হিসেবে আলোচনায় ছিলেন। তবে বর্তমানে 'অগ্নি ৩' নিয়ে তার সঙ্গে আর কোনো আলোচনা নেই বলেও জানান এই অভিনেত্রী।