• বিনোদন
  • ২০২৫-এর সেরা চমক: জয়া, সাবিলা, ফারিণ, মেহজাবীন ও সাদিয়া—আলোচনায় যে পাঁচ অভিনেত্রী

২০২৫-এর সেরা চমক: জয়া, সাবিলা, ফারিণ, মেহজাবীন ও সাদিয়া—আলোচনায় যে পাঁচ অভিনেত্রী

ঢালিউডের বড় পর্দা থেকে ওয়েব প্ল্যাটফর্ম—সারা বছর আলোচনায় ছিলেন যে পাঁচ তারকা। তাদের কাজ, সাফল্য ও বক্স-অফিস পারফরম্যান্সের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে।

বিনোদন ১ মিনিট পড়া
২০২৫-এর সেরা চমক: জয়া, সাবিলা, ফারিণ, মেহজাবীন ও সাদিয়া—আলোচনায় যে পাঁচ অভিনেত্রী

দেখতে দেখতে শেষ হলো ২০২৫ সাল। এ বছর ঢালিউড দর্শকদের জন্য ছিল গল্পনির্ভর ও ব্যবসাসফল সিনেমার বছর। তবে এই সাফল্য এনে দিতে বড় ভূমিকা রেখেছেন দেশের কয়েকজন অভিনেত্রী, যারা তাদের অভিনয়, গ্ল্যামার এবং বক্স-অফিস পারফরম্যান্স দিয়ে বছরজুড়ে ছিলেন আলোচনার কেন্দ্রে। এই আয়োজনে তুলে ধরা হলো সিনেমা ও অন্যান্য মাধ্যমে সাড়া জাগানো সেই আলোচিত পাঁচ অভিনেত্রীর আদ্যোপান্ত।

দেখতে দেখতে ২০২৫-এর একদম শেষ ভাগে সবাই। এ বছর দেশের সিনেমাপ্রেমী দর্শকদের জন্য বেশকিছু ভালো গল্প ও ব্যবসা সফল সিনেমা মুক্তি পায়। যেগুলোতে অভিনয় করে আলোচনায় ছিলেন কয়েকজন অভিনেত্রীও। তাদের মধ্য থেকে বছরের সেরা পাঁচ আলোচিত অভিনেত্রী নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন।

জয়া আহসান ঢালিউডে ২০২৫ সালের সবচেয়ে বড় চমক ছিলেন জয়া আহসান। কয়েক বছর ধরে কলকাতার সিনেমা ও ওয়েব প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকলেও, এ বছরে তিনি যেন নতুন করে নিজের উপস্থিতি জানান দিলেন দেশের পর্দায়। এক বছরে মুক্তি পাওয়া তিনটি ভিন্নধর্মী সিনেমা—'জয়া আর শারমিন', 'তাণ্ডব' ও 'উৎসব'-এ অভিনয়ের মাধ্যমে আবারও প্রমাণ করেছেন কেন তিনি সময়ের অন্যতম শক্তিশালী অভিনেত্রী। এ তিন ছবিতেই জয়া আহসানকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন তিনটি চরিত্রে। 'জয়া আর শারমিন'-এ করোনাকালের ঘরবন্দি অভিনেত্রী, 'তাণ্ডব'-এ সাংবাদিক এবং 'উৎসব'-এ অতিপ্রাকৃত আবহের ভূতের চরিত্রে তার অভিনয় ছিল প্রশংসিত।

সাবিলা নূর ছোট পর্দা থেকে বড় পর্দায় এসে বাজিমাত করেছেন অভিনেত্রী সাবিলা নূর। এ বছর ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে রায়হান রাফী পরিচালিত এক সিনেমার মাধ্যমে তিনি বড় পর্দায় নাম লেখান। তিনি যে দীর্ঘ সময়ের জন্য এসেছেন, তার প্রমাণ হিসেবে বছরের অন্যতম আলোচিত গান 'লিচুর বাগানে' উপহার দেন ইন্ডাস্ট্রির এই নতুন চিত্রনায়িকা। গানটি এরই মধ্যে শুধু ইউটিউবে ৪৭ মিলিয়নের কাছাকাছি ভিউ হয়েছে। বর্তমানে তিনি নির্মাতা তানিম নূরের 'বনলতা এক্সপ্রেস' ছবি নিয়ে ব্যস্ত, যেখানে আরও অভিনয় করছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীসহ একঝাঁক তারকা।

তাসনিয়া ফারিণ ২০২৫ সালে তাসনিয়া ফারিণ ঢালিউডে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছেন। 'ইনসাফ' সিনেমার মাধ্যমে তিনি প্রথমবার মূলধারার বাণিজ্যিক ছবিতে নাম লেখান। যদিও সিনেমাটি বাণিজ্যিকভাবে তেমন সাফল্য অর্জন করতে পারেনি, তবু ফারিণের গ্ল্যামারাস উপস্থিতি এবং শরীফুল রাজের সঙ্গে তার অন-স্ক্রিন রসায়ন দর্শক ও সমালোচকদের মধ্যে আলোচনার জন্ম দেয়। বছরজুড়ে ফারিণ নতুন প্রযোজনা শুরু, একাধিক নতুন গানের কাজ এবং বছরের শেষে শাকিব খানের সঙ্গে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে দর্শক আগ্রহের কেন্দ্রে ছিলেন।

মেহজাবীন চৌধুরী বিদেশের একাধিক চলচ্চিত্র উৎসব ঘুরে অবশেষে চলতি বছরের সেপ্টেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমা 'সাবা'। এ ছবির কেন্দ্রীয় চরিত্র 'সাবা' হয়ে মেহজাবীন চৌধুরী দর্শকের সামনে হাজির হন এক ভিন্ন রূপে। পর্দায় তার অভিনয় ছিল সংযত, গভীর এবং অনুভূতিপ্রবণ। 'সাবা' চরিত্রে প্রতিদিনের জীবনের সংগ্রাম, একটু মুক্তির আকাঙ্ক্ষা, আর অসুস্থ মায়ের সেবায় মানসিকভাবে ভেঙে পড়ার যন্ত্রণাকে অত্যন্ত সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন মেহজাবীন। মাকসুদ হোসেন পরিচালিত এটি এই অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা।

সাদিয়া আয়মান অভিনেত্রী সাদিয়া আয়মানের জন্য ২০২৫ সালটি ছিল দুর্দান্ত। এ বছর তানিম নূর পরিচালিত 'উৎসব' সিনেমায় 'জেসমিন' চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। তার বিপরীতে ছিলেন সৌম্য জ্যোতি, আর দুজনের জুটি দর্শকের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও ছিল সাদিয়ার দাপট। নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর কমেডি ঘরানার ওয়েব সিরিজ 'বোহেমিয়ান ঘোড়ায়' তিনি নজর কাড়েন। সব মিলিয়ে অভিনয়ে দারুণ একটি বছর কেটেছে এই অভিনেত্রীর।

Tags: dhallywood entertainment news tasnia farin jaya ahsan bengali cinema mehazabien chowdhury sadia ayman sabila nur 2025 actresses