বিএনপি'র গুরুত্বপূর্ণ সভা ও শ্রদ্ধা নিবেদন বিএনপি আজ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করেছে। সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বেলা ১১টায় হোটেল সোনারগাঁওয়ের পদ্মা হলে সম্পাদক পরিষদ ও নোয়াবের যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দিন দুপুরে পিআইবি মিলনায়তনে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানেও তিনি উপস্থিত থাকবেন। এছাড়া, বেলা ১১টায় মুক্তিযুদ্ধের প্রজন্ম সভাপতি প্রকৌশলী ইশরাক হোসেন নতুন কমিটির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন। দুপুর ১টায় মোহাম্মদপুরের বাবর রোডে 'আমরা বিএনপি পরিবার' কর্মসূচি অনুষ্ঠিত হবে, যার নেতৃত্ব দেবেন আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
জামায়াতে ইসলামী'র ফ্রি মেডিকেল ক্যাম্প বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে সোমবার বিকেল ৪টায় মনিপুর উচ্চ বিদ্যালয়, ব্রাঞ্চ-২, ইব্রাহিমপুর শাখায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বিভিন্ন হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ কর্মসূচি পালন করবে একাধিক সংগঠন। দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। শহীদ শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ড, ময়মনসিংহে শ্রমিক দীপুচন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা ও লক্ষ্মীপুরে শিশু আয়েশা আক্তারকে পুড়িয়ে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে এই সমাবেশ। অন্যদিকে, ইনকিলাব মঞ্চ দুপুর ৩টায় শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করবে।
অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টাদের কার্যক্রম বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশের ৬৪ জেলায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর প্রচার-প্রচারণার অংশ হিসেবে ভিডিও বার্তার মাধ্যমে 'ভোটের গাড়ি' প্রচারণার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত থাকবেন।
এছাড়া, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন দুপুর দেড়টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাপান-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নেগোসিয়েশন বিষয়ে সংবাদ সম্মেলন করবেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ সভা ও সংবাদ সম্মেলন সকাল সাড়ে ৯টায় ঢাকা সেনানিবাসের এএফডি মাল্টিপারপাস হলে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশনের (বিএনএসিডব্লিউসি) ২৫তম সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ ভূমিকম্প পরবর্তী আবাসিক হল পরিদর্শন, কারিগরি মূল্যায়ন ও সংস্কার কাজের অগ্রগতি বিষয়ে দুপুর ১২টায় উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলন করবে। একই সময়ে সিরডাপ মিলনায়তনে রিহ্যাব ফেয়ার ২০২৫ উপলক্ষ্যে রিহ্যাবের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী নাসিরদ্দিন পাটওয়ারীর পক্ষে উত্তরার স্থানীয় নেতাকর্মীরা বেলা সাড়ে ১১টায় নির্বাচন কমিশনার অফিস থেকে ঢাকা-১৮ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করবেন।