বহু প্রতীক্ষিত সিনেমা 'টক্সিক'-এ কিয়ারার যোগ
'কেজিএফ'-খ্যাত দক্ষিণী সুপারস্টার যশের পরবর্তী সিনেমা 'টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন-আপস' নিয়ে দর্শকমহলে উত্তেজনা তুঙ্গে ছিল। এবার সেই উত্তেজনা আরও বাড়ল যখন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি এই ছবিতে যুক্ত হওয়ার ঘোষণা দিলেন। ছবিতে 'নাদিয়া' চরিত্রে দেখা যাবে কিয়ারাকে, যা শুধু গল্পের গভীরতাই বাড়াবে না, বরং ছবির আবহে যোগ করবে এক ভয়ংকর ও রোমাঞ্চকর নতুন মাত্রা। এটি অভিনেত্রীর ক্যারিয়ারে এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হতে চলেছে।
পোস্টারে রহস্যময় 'নাদিয়া'র ফার্স্ট লুক
সম্প্রতি প্রকাশিত কিয়ারার ফার্স্ট লুক পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পোস্টারে অভিনেত্রীকে দেখা যায় ঝলমলে আলোয় ভরা এক রঙিন সার্কাসের পটভূমিতে। তার আকর্ষণীয়, রহস্যময় ও বহুস্তরীয় অবতারে বাহ্যিক আড়ম্বরের নিচে লুকিয়ে থাকা এক গভীর আবেগ স্পষ্ট হয়ে উঠেছে। চোখে-মুখে স্পষ্ট শোক ও বিষণ্নতার ছাপ ইঙ্গিত দেয় যে এটি কোনো গতানুগতিক চরিত্র নয়—বরং এক শক্তিশালী অভিনয়-নির্ভর ভূমিকার প্রস্তুতি নিচ্ছেন কিয়ারা।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালকের হাত ধরে ভিন্ন ঘরানা
বহুমুখী অভিনয় দক্ষতা ও শক্তিশালী রূপে পর্দায় উপস্থিতির জন্য পরিচিত কিয়ারা এই ছবিতে ধরা দিতে চলেছেন একেবারেই ভিন্ন রূপে। আবেগঘন চলচ্চিত্র থেকে শুরু করে উচ্চমাত্রার বাণিজ্যিক সিনেমায় নিজেকে প্রমাণ করা এই অভিনেত্রীর জন্য 'টক্সিক' এক রূপান্তরমূলক অধ্যায় হতে পারে। ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গীতু মোহানদাস সিনেমাটি পরিচালনা করছেন।
একঝাঁক তারকার সমাবেশ
যশ ও কিয়ারা আদভানি ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন নয়নতারা, হুমা কুরেশি, অক্ষয় ওবেরয়সহ বিনোদন জগতের আরও একঝাঁক তারকা। তারকাদের এই সমাবেশ নিশ্চিতভাবে সিনেমাটির প্রতি দর্শকের প্রত্যাশা আরও বাড়িয়েছে।
কিয়ারার সাম্প্রতিক কাজ
অভিনেত্রীকে সবশেষ দেখা গিয়েছিল চলতি বছরে মুক্তিপ্রাপ্ত 'ওয়্যার ২' সিনেমায়। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি এবং কিয়ারা ছাড়াও এতে অভিনয় করেছেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর-এর মতো জনপ্রিয় তারকারা।