গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ধানমন্ডিতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন শেখ রবিউল আলম রবি। তিনি বলেন, রাজনীতি মানে শুধু কর্তৃত্ব প্রতিষ্ঠা নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। তার মতে, ‘আজ যেখানে আমি, কাল সেখানে আরেকজন’—এটাই হলো রাজনীতি, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার স্বাভাবিক নিয়ম। এই বাস্তবতা মেনেই আমাদের সংগঠনকে আরও মজবুত করতে হবে।
সাংগঠনিক ব্যবস্থাপনা ও ঐক্য
নির্বাচনী বাস্তবতায় সাংগঠনিক ব্যবস্থাপনার কথা তুলে ধরে রবি বলেন, নির্বাচনের সময় তিনি ৫৫ নম্বর ওয়ার্ডকে স্বাধীনভাবে পরিচালনা করছেন এবং সাময়িকভাবে একটি থানা হিসেবে বিবেচনা করছেন। তিনি স্বীকার করেন, এখানে অনেক যোগ্য নেতা আছেন এবং প্রতিযোগিতা আছে বলেই সংগঠন শক্তিশালী। তবে এই প্রতিযোগিতা যেন কোনোভাবেই বিভাজনে রূপ না নেয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, সবাই এক মিছিলে না গেলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবার লক্ষ্য এক।
২৫ ও ২৬ ডিসেম্বরের কর্মসূচির গুরুত্ব
২৫ ও ২৬ ডিসেম্বরের কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ২৫ তারিখের কর্মসূচি পুরো ঢাকা ও দেশের জন্য গুরুত্বপূর্ণ। আর ২৬ তারিখের কর্মসূচি তাদের আসনের জন্য আরও বেশি তাৎপর্যপূর্ণ, কারণ সেদিন তারেক রহমানকে বরণ করার দায়িত্ব তাদেরই। তিনি স্পষ্ট করে বলেন, ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং উপস্থিতির ক্ষেত্রে কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না। ১৭ বছর ঝুঁকি নিয়ে যাঁরা মাঠে ছিলেন, তাঁদের জন্য সেদিন উপস্থিত থাকাই নেতৃত্ব ও আনুগত্যের প্রমাণ।
নেতিবাচক রাজনীতি বর্জন ও ভোটের মাঠে সক্রিয়তা
অভ্যন্তরীণ কোন্দল ও নেতিবাচক রাজনীতির কঠোর সমালোচনা করে বিএনপি প্রার্থী বলেন, তিনি কারও বিরুদ্ধে কোনো নেতিবাচক কথা শুনতে চান না। কারও গুণ থাকলে শুধু সেটাই বলতে হবে। তিনি মনে করেন, দলকে দুর্বল করে এমন রাজনীতি দলের জন্য ক্ষতিকর। তিনি ভোটারদের সম্মান দেওয়ার ওপর জোর দিয়ে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা যদি প্রতিদিন ১০ জন মানুষের কাছে ভোট চান, তাহলে এই এলাকায় আর ভোট চাওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ২৫ ডিসেম্বর সবাই একসঙ্গে উপস্থিত হয়ে প্রমাণ করবেন যে ঢাকা-১০ আসন তারেক রহমানের ওপর রাখা আস্থার যথাযথ মর্যাদা দিতে জানে।