• বিনোদন
  • গল্প চুরির দায়ে আইনি প্যাঁচে করণ জোহর, হাতছাড়া হতে পারে অস্কার

গল্প চুরির দায়ে আইনি প্যাঁচে করণ জোহর, হাতছাড়া হতে পারে অস্কার

সাংবাদিক ও লেখিকা পূজা চাঙ্গোইওয়ালা দাবি করেছেন, তার উপন্যাস ‘হোমবাউন্ড’ নকল করে করণ জোহরের প্রযোজিত একই নামের সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তিনি বম্বে হাইকোর্টে মামলা দায়ের করছেন, যা অস্কারের সংক্ষিপ্ত তালিকায় থাকা ছবিটির জন্য বড় ধাক্কা হতে পারে।

বিনোদন ১ মিনিট পড়া
গল্প চুরির দায়ে আইনি প্যাঁচে করণ জোহর, হাতছাড়া হতে পারে অস্কার

বলিউডের প্রভাবশালী নির্মাতা ও প্রযোজক করণ জোহর আবারও আইনি জটিলতায়। এবার তার প্রযোজিত এবং অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেওয়া সিনেমা ‘হোমবাউন্ড’-এর বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। সাংবাদিক ও লেখিকা পূজা চাঙ্গোইওয়ালা দাবি করেছেন, তার ২০২১ সালে প্রকাশিত উপন্যাস ‘হোমবাউন্ড’ নকল করেই এ সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এই অভিযোগে করণ জোহর, ধর্মা প্রোডাকশনস এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মামলা দায়ের করতে যাচ্ছেন পূজা।

লেখিকার গুরুতর অভিযোগ

লেখিকা পূজা চাঙ্গোইওয়ালার দাবি, সিনেমাটি দেখার পর তিনি বুঝতে পারেন যে নির্মাতারা শুধু তার বইয়ের শিরোনামই চুরি করেননি, বরং গল্পের একটি বড় অংশ হুবহু নকল করেছেন। তিনি বলেন, “আমার উপন্যাস এবং ছবিটির বিষয়বস্তু—দুটিই ২০২০ সালের কোভিড-পরবর্তী সময়ে অভিবাসী শ্রমিকদের দেশত্যাগের প্রেক্ষাপটে নির্মিত। ছবির দ্বিতীয়ার্ধে আমার উপন্যাসের বড় অংশ—দৃশ্য, সংলাপ, বর্ণনার ভঙ্গি এবং ঘটনার ক্রম স্পষ্টভাবে ব্যবহার করা হয়েছে।” আদালতে যাওয়ার আগে তিনি তার আইনজীবীর মাধ্যমে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাগুলিকে আইনি নোটিশ পাঠিয়েছেন। পূজা আরও বলেন, “আমি জানি, এই পদক্ষেপের মাধ্যমে শক্তিশালী করপোরেট সংস্থার বিরুদ্ধে দাঁড়াচ্ছি। কিন্তু লেখকদের কাজ যখন অনুমতি ছাড়া আত্মসাৎ করা হয়, তখন নিজেদের সৃষ্টিকে রক্ষা করা জরুরি।”

নির্মাতাদের প্রতিক্রিয়া ও পাল্টা দাবি

ছবির নির্মাতারা অবশ্য চুরির অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, সিনেমাটির কাহিনি সাংবাদিক বশারত পীর-এর ২০২০ সালে ‘নিউ ইয়র্ক টাইমস’-এ প্রকাশিত একটি প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি। অন্যদিকে, এই অভিযোগ প্রসঙ্গে ধর্মা প্রোডাকশনস প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, “আমরা আইনি পথে এই দাবির জবাব দিচ্ছি। এই মুহূর্তে কোনো মন্তব্য করা সম্ভব নয়।”

মামলায় কী চাওয়া হচ্ছে?

আইনি পদক্ষেপ হিসেবে পূজা সিনেমাটির ওপর স্থায়ী নিষেধাজ্ঞাসহ একাধিক দাবি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে—ছবিটির বিতরণ বন্ধ করা, নকল করা সব উপাদান অপসারণ, ছবির শিরোনাম পরিবর্তন এবং কপিরাইট লঙ্ঘনের জন্য বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ।

‘হোমবাউন্ড’ সিনেমার পরিচিতি

নীরজ ঘেওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’ সিনেমায় অভিনয় করেছেন ঈশান খট্টর, জাহ্নবী কাপুর ও বিশাল জেঠওয়া। চলতি বছরের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়ার পর গত ২৬ সেপ্টেম্বর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বর্তমানে ছবিটি অস্কারের সংক্ষিপ্ত তালিকায় (Shortlist) রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এমন গুরুত্বপূর্ণ সময়ে গল্প চুরির এই অভিযোগ সিনেমাটির অস্কার যাত্রাপথে বড় বাধা সৃষ্টি করতে পারে।

Tags: bollywood oscar legal issue netflix karan johar homebound pooja changoiwala dharma productions story theft