• বিনোদন
  • 'কান্তারা'র 'দৈব'কে 'ভূত' বলায় তোপের মুখে রণবীর সিং, পাশে দাঁড়ালেন অভিনেতা

'কান্তারা'র 'দৈব'কে 'ভূত' বলায় তোপের মুখে রণবীর সিং, পাশে দাঁড়ালেন অভিনেতা

গোয়ায় 'ইফি ২০২৫'-এর মঞ্চে 'কান্তারা'র পরিচালক ঋষভ শেঠির সামনেই রণবীর সিং এই মন্তব্য করেন, যার ফলে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। পরে ক্ষমা চাইলেও বিতর্কের রেশ কাটেনি।

বিনোদন ১ মিনিট পড়া
'কান্তারা'র 'দৈব'কে 'ভূত' বলায় তোপের মুখে রণবীর সিং, পাশে দাঁড়ালেন অভিনেতা

সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত 'ইফি ২০২৫'-এর মঞ্চে অভিনেতা রণবীর সিং কন্নড় সিনেমা 'কান্তারা'-এর পবিত্র 'দৈব' চরিত্রটিকে 'ভূত' বলে সম্বোধন করায় তীব্র বিতর্কের মুখে পড়েছেন। নেটিজেনরা তার এই মন্তব্যকে 'অসংবেদনশীল' এবং 'সংস্কৃতির প্রতি অসম্মান' হিসেবে দেখছেন। তবে এই কঠিন সময়ে রণবীরের পাশে দাঁড়িয়েছেন 'কান্তারা চ্যাপ্টার ১'-এর অন্যতম অভিনেতা গুলশান দেবাইয়া।

'দৈব' চরিত্রকে 'ভূত' সম্বোধন করে বিতর্কের সূত্রপাত

কন্নড় সিনেমা 'কান্তারা: এ লেজেন্ড চ্যাপ্টার ১' মুক্তির আগেই আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত 'ইফি ২০২৫' চলচ্চিত্র উৎসবের মঞ্চে বলিউড তারকা রণবীর সিং-এর এক মন্তব্যে সিনেমাটি বিতর্কের শিরোনামে আসে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উৎসবের মঞ্চে 'কান্তারা'র পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠির উপস্থিতিতেই রণবীর সিং সিনেমার আইকনিক 'দৈব' অবতারের নকল করার চেষ্টা করেন। কথা প্রসঙ্গে অতিরিক্ত উৎসাহী হয়ে তিনি পবিত্র দৈব সত্তাকে ভুলবশত 'ভূত' বলে বসেন।

ঋষভ শেঠিকে উদ্দেশ্য করে রণবীর বলেন, 'আমি কান্তারা চ্যাপ্টার ১ দেখেছি। ঋষভ, আপনার অভিনয় অসাধারণ ছিল, বিশেষ করে যখন সেই নারী ভূত (চামুন্ডি দৈব) আপনার শরীরে প্রবেশ করে।' এ সময় ঋষভ শেঠি তাকে বারণ করার চেষ্টা করলেও রণবীর রসিকতা চালিয়ে যান।

সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েন। তারা রণবীরের মন্তব্যকে 'অসংবেদনশীল' এবং 'সংস্কৃতির প্রতি চরম অসম্মান' হিসেবে অভিহিত করেন। বিতর্ক বাড়তে থাকলে রণবীর সিং তার আচরণের জন্য ক্ষমা চান এবং জানান, কাউকে ছোট করার উদ্দেশ্য তার ছিল না।

রণবীরের পক্ষে গুলশান দেবাইয়া

এই পরিস্থিতিতে রণবীর সিং-এর পাশে দাঁড়িয়েছেন 'কান্তারা'র অভিনেতা গুলশান দেবাইয়া, যিনি সিনেমাটিতে রাজা কুলশেখরের ভূমিকায় অভিনয় করেছেন। সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি রণবীরের পক্ষে কথা বলেন।

গুলশান দেবাইয়া বলেন, 'মানুষ যখন খুব বেশি উত্তেজিত হয়ে যায়, তখন অনেক সময় ভুল করে বসে। রণবীরের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। কিন্তু যেহেতু ও নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে, তাই আমাদের উচিত সব ভুলে সামনে এগিয়ে যাওয়া।'

তিনি আরও যোগ করেন, 'ব্যক্তিগতভাবে এই বিষয়গুলো আমাকে খুব একটা প্রভাবিত করে না। তবে কেউ যদি এতে অপমানিত বোধ করেন, তাদের উদ্দেশে আমি বলব—রণবীর ক্ষমা চেয়ে নিয়েছেন। একজন মানুষ যখন তার ভুলের জন্য অনুতপ্ত হয়, তখন অন্য পক্ষের উচিত বিষয়টি সেখানেই মিটিয়ে ফেলা।'

Tags: bollywood controversy ranveer singh kantara rishab shetty gulshan devaiah daiva