আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জোট ও শরিকদের সঙ্গে আসন সমঝোতা সম্পন্ন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জোনায়েদ সাকিকে সমর্থন ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তাঁদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছিলেন, তাঁদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে যে আসনগুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলোতে সমঝোতা করা হয়েছে। সেই সমঝোতার অংশ হিসেবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে সমর্থন জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি ছেড়ে দিয়েছে বিএনপি। সাকি এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অন্যান্য শরিক ও আসন বণ্টন
সাকি ছাড়াও আরও সাতটি আসনে সাতটি শরিক দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা করেছে বিএনপি। আসন ও প্রার্থীর তালিকা নিম্নরূপ:
- বগুড়া-২: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
- পিরোজপুর-১: জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার।
- নড়াইল-২: এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ।
- যশোর-৫: ইসলামী ঐক্যে জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস।
- পটুয়াখালীর-৩: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
- ঝিনাইদহ-৪: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
- ঢাকা-১২: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বিএনপি মহাসচিব আরও জানান, এই তালিকার পরেও আলোচনা চলবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হলে পরবর্তীতে জানানো হবে।