বলিউডের ঝলমলে পর্দায় আজ যে রণবীর সিং (Ranveer Singh) অনায়াসে দাপিয়ে বেড়াচ্ছেন, তার পেছনে লুকিয়ে আছে দীর্ঘ সংগ্রাম, প্রস্তুতি আর নীরব এক প্রেরণার গল্প। মাত্র ১৫ বছরের ক্যারিয়ারে প্রেমিক, খলনায়ক, এবং কৌতুকাভিনেতা—সব রূপেই দর্শকদের চমকে দিয়েছেন এই অভিনেতা। সম্প্রতি তাঁর অভিনীত 'ধুরন্ধর' (Dhurandhar) সিনেমাতে 'হামজা' চরিত্রে তাঁর অভিনয় যখন প্রশংসার জোয়ারে ভাসছে, ঠিক তখনই সামনে এলো তাঁর উত্থানের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বহুরূপী তারকাকে গড়ে তুলতে নেপথ্যে যিনি সবচেয়ে বড় শক্তি ছিলেন, তিনি আর কেউ নন, বলিউডের আরেক জীবন্ত কিংবদন্তী নওয়াজউদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui)।
রণবীরের প্রথম প্রশিক্ষক নওয়াজ
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রণবীর যখন বলিউডে প্রথম পা রাখেন, তখন তাঁকে অভিনয়ের খুঁটিনাটি শিখিয়ে প্রস্তুত করার দায়িত্ব ছিল নওয়াজউদ্দিনের কাঁধে। ন্যাশনাল স্কুল অফ ড্রামার (NSD) প্রাক্তনী নওয়াজউদ্দিন তখন বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করার লড়াই চালাচ্ছিলেন। সেই সময়েই রণবীরের প্রথম ছবি 'ব্যান্ড বাজা বরাত'-এর জন্য তাঁকে প্রশিক্ষণ দিয়েছিলেন নওয়াজ। প্রথম ছবিতেই রণবীর শ্রেষ্ঠ নবাগত অভিনেতার পুরস্কারও জিতেছিলেন।
নওয়াজউদ্দিনের বিনয়ী মন্তব্য
প্রথম ছবির এই সাফল্যের পুরো কৃতিত্ব নিজে নিতে নারাজ নওয়াজউদ্দিন। বরং তিনি একে রণবীরের নিজস্ব দক্ষতা হিসেবেই দেখছেন। নওয়াজ বলেন, 'রণবীরের মধ্যে শুরু থেকেই একজন বড় অভিনেতা হওয়ার সব গুণ ছিল। আমি শুধু তাঁকে সঠিক দিশা দেখানোর চেষ্টা করেছি।'
নওয়াজউদ্দিন আরও জানান, 'ব্যান্ড বাজা বরাত'-এর ‘বিট্টু শর্মা’ চরিত্রের জন্য রণবীরকে বেশ কিছুদিন অভিনয়ের কর্মশালা বা ওয়ার্কশপ করিয়েছিলেন তিনি। তাঁর কথায়, 'আমি আসলে সেই সময় অভিনয় শিখতে চাওয়া প্রত্যেকের জন্যই প্রস্তুত ছিলাম। রণবীরও সেই কর্মশালার অংশ ছিল। তবে আমি বিশ্বাস করি না, শুধু ওয়ার্কশপ করলেই কেউ অভিনেতা হয়ে যায়। রণবীরের নিজস্ব প্রতিভা ছিল বলেই আজ সে এই অবস্থানে।'
তিনি যোগ করেন, 'একজন শিক্ষক হিসেবে আমি কেবল তাঁকে দক্ষতা ব্যবহারের উপায়গুলো দেখিয়েছি। কিন্তু দিনশেষে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাজটা অভিনেতাকেই করতে হয়। রণবীর সেটা দারুণভাবে পেরেছে।'
'ধুরন্ধর' সিনেমায় রণবীর
উল্লেখ্য, চলতি বছরের ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় আদিত্য ধর পরিচালিত সিনেমা 'ধুরন্ধর'। এ সিনেমায় রণবীরের পাশাপাশি অভিনয় করেছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, সারা অর্জুন, এবং আর. মাধবনসহ আরও অনেকে।