ওপেনিংয়ে না নেমে চারে ব্যাটিংয়ের কারণ বিপিএলে নিজের স্বাভাবিক ওপেনিং পজিশন ছেড়ে চার নম্বরে ব্যাটিং করা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে পারভেজ হোসেন ইমনকে প্রশ্ন করা হয়েছিল। সিলেট টাইটান্স কি তাকে ৪ নম্বর পজিশনের জন্যই ভাবছে? এমন প্রশ্নের জবাবে ইমন জানান, দল তাকে নির্দিষ্ট করে কিছু বলেনি, তবে যেকোনো পজিশনে ব্যাট করার জন্য প্রস্তুত থাকতে বলেছে। তিনি বলেন, 'না এরকম কিছু বলেনি। তবে বলেছে যে, যেকোনো জায়গায় ব্যাট করতে প্রস্তুত থাকতে হবে।'
নতুন পজিশনে খেলার সুযোগ ও চ্যালেঞ্জ ৩ বা ৪ নম্বর পজিশনে খেলার জন্য নিজের প্রস্তুতির কথা জানিয়েছেন এই তরুণ ক্রিকেটার। তার মতে, এটি তার জন্য একটি ভালো সুযোগ। ইমন বলেন, 'প্রস্তুতিটা এখান থেকে নিচ্ছি। এটা আমার জন্য অবশ্যই ভালো সুযোগ। যেকোনো জায়গায় খেলে নিজেকে প্রস্তুত রাখা। আসলে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। দল আমার কাছ থেকে যা চায়, সেখানে নিজেরও ফিল করাটা জরুরি। দলের জন্য এখন খেলতে হবে।'
সেরাটা দেওয়ার চেষ্টা ওপেনিংয়ে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করলেও দলের প্রয়োজনেই তিনি চার নম্বরে ব্যাট করতে প্রস্তুত। নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ইমন বলেন, 'ওপেনিংয়ে খেললে হয়তো বড় ইনিংস খেলতে পারতাম। তবে না-ও হতে পারতো। চারে নেমে চেষ্টা করেছি সেরাটা দিতে। দলে আমার এখানে দরকার ছিল। আলহামদুলিল্লাহ ভালোভাবে শেষ করেছি খেলাটা।'
মাইন্ডসেট পরিবর্তন ওপেনিং এবং মিডল অর্ডার—এই দুই পজিশনের ব্যাটিং মাইন্ডসেট ভিন্ন কিনা, এমন প্রশ্নে ইমন স্পষ্ট জানান যে দুই জায়গায় দুই ধরনের চিন্তা থাকে। তিনি বলেন, 'না, দুই জায়গায় দুই রকম চিন্তা থাকে। পাওয়ার প্লেতে এক রকম, ৬ ওভারের পরে আরেক রকম। সেভাবে খেলার চেষ্টা করছি। তবে ওপেনার হিসেবে অবশ্যই ওপেনিংয়ে খেলতে (স্বাচ্ছন্দ্যবোধ করি)।'