ছাত্রশিবিরের শীর্ষ নেতৃত্বে রদবদল
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে তাঁদের নির্বাচিত ও মনোনীত করা হয়।
ফেসবুকে জামায়াত আমিরের পোস্ট
ছাত্রশিবিরের নবনির্বাচিত এই দুই নেতাকে নিয়ে শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, প্রাণের কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত ও সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছে স্নেহের নূরুল ইসলাম ও সিবগাতুল্লাহ। মহান আল্লাহ তায়ালা তাঁদের দুজনকে হেফাজত করুন, রহমত ও বরকতে আবৃত করে রাখুন। তাঁদের ইলম, আমল, হিকমত ও নেতৃত্বে বারাকাহ দান করুন।’
সংগঠনের আমানত রক্ষার আহ্বান
নবনির্বাচিত নেতাদের উদ্দেশ্যে জামায়াত আমির আরও বলেন, ‘নবনির্বাচিতদের সংগঠনের আমানত যথাযথভাবে রক্ষা করার তাওফিক দিন। সত্য ও ন্যায়ের পথে দৃঢ় রাখুন এবং সব কল্যাণকর কাজে কবুলিয়াত দান করুন।’ তিনি নবনির্বাচিত এই নেতৃত্ব যেন সংগঠনের মূল লক্ষ্য ও আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
বিদায়ী সভাপতির জন্য দোয়া
নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানানোর পাশাপাশি বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের জন্যও দোয়া করেন ডা. শফিকুর রহমান। তিনি লেখেন, ‘বিদায়ি কেন্দ্রীয় সভাপতি স্নেহের জাহিদুল ইসলামকে আল্লাহ তায়ালা কবুল করুন এবং সামনের দিনগুলোকে তাঁর জন্য আরও সহজ, সুন্দর ও মসৃণ করে দিন। আমিন।’