খালেদা জিয়ার আসনে মোর্শেদ মিল্টনের মনোনয়ন
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মোর্শেদ মিল্টনের পক্ষে গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আশরাফ হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেন। মোর্শেদ মিল্টন বর্তমানে গাবতলী উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে আছেন।
মনোনয়নপত্র উত্তোলনের আনুষ্ঠানিকতা
মনোনয়নপত্র উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র প্রদান করা হয়েছে।
এর আগে খালেদা জিয়ার পক্ষে আরও তিন মনোনয়নপত্র
এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে একই আসনে তিনটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। গত রোববার (২১ ডিসেম্বর) বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে খালেদা জিয়ার পক্ষে তার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার একটি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর পরদিন সোমবার (২২ ডিসেম্বর) নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আলাদাভাবে আরও দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
দলীয় সিদ্ধান্তের অপেক্ষা
মনোনয়ন উত্তোলনের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মোর্শেদ মিল্টন 'ঢাকা পোস্ট'কে বলেন, দলীয় নির্দেশনা অনুযায়ী আমরা আপাতত মনোনয়নপত্র সংগ্রহ করেছি। পরবর্তী সিদ্ধান্ত দল থেকেই জানানো হবে এবং সেই অনুযায়ীই আমরা পদক্ষেপ নেব।