সম্পদের বিবরণ ও আয়ের উৎস
মুফতি আমির হামজা তাঁর নির্বাচনী হলফনামায় নিজেকে কাপড় ও বইয়ের ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। তবে ইসলামি বক্তা হিসেবে ওয়াজ মাহফিল বা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তাঁর আয় এবং আকিজ গ্রুপের খতিব হিসেবে চাকরি থেকে তাঁর প্রাপ্তি সম্পর্কে হলফনামায় বিস্তারিত উল্লেখ নেই।
মুফতি আমির হামজা এ বিষয়ে বলেন, “ওয়াজ মাহফিল থেকে যা উপার্জন হয়, তা ধরেই বার্ষিক আয়ের বিবরণী দেওয়া হয়েছে। আমি আকিজ গ্রুপের খতিব। আকিজ গ্রুপের সঙ্গে চুক্তির কারণে আমার পরিবারের সকল খরচ তারা বহন করে। বিনিময়ে আমার মাহফিলের উপার্জনের টাকা আমি তাদের নির্মিত মাদ্রাসা-এতিমখানায় দান করে দিই।”
উপহার হিসেবে পাওয়া অলঙ্কার ও আসবাবপত্র
হলফনামায় মুফতি আমির হামজা ১০ ভরি স্বর্ণের গহনার কথা উল্লেখ করেছেন, যার সবই উপহার হিসেবে পাওয়া। এ প্রসঙ্গে তিনি জানান, “বিয়ের সময় স্ত্রীকে যেসব গহনা কিনে দিয়েছিলাম, তা দেনমোহর হিসেবে পরিশোধ হয়ে গেছে। এর বাইরে আর কোনো স্বর্ণের গহনা কেনা হয়নি। আমার স্ত্রীর বাবা ধনী মানুষ। এসব তারাই উপহার হিসেবে দিয়েছেন।” একইভাবে আসবাবপত্রও তিনি উপহার হিসেবে পেয়েছেন বলে দেখিয়েছেন।
২৫ লাখ টাকার গাড়ি
হলফনামা অনুযায়ী, মুফতি আমির হামজার গাড়ির দাম ২৫ লাখ টাকা। তবে এটি কোন মডেলের বা এর নম্বর প্লেট কী, তা বিস্তারিত উল্লেখ করা হয়নি। এ বিষয়ে তিনি বলেন, “আমার একটি টয়েটো নোহা গাড়ি রয়েছে। নতুন গাড়ির বাজারমূল্য প্রায় ৩৮ লাখ টাকা। আমি পাঁচ বছরের পুরোনো গাড়ি ফরিদপুরের এক মালিকের কাছ থেকে কিনেছি। এজন্য বিস্তারিত উল্লেখ করা হয়নি।”