তীব্র শীতের রাতে ফুটপাতে উষ্ণতার পরশ
জানা যায়, গত বুধবার গভীর রাতে বন্ধুদের সঙ্গে নিয়ে রাজ রিপা রাজধানীর গুলশান, বাড্ডা, মহাখালী, ফার্মগেট, রমনা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা (টিএসসি)-সহ বিভিন্ন পয়েন্টে যান। এই সময় তিনি ফুটপাতে ঘুমন্ত শীতার্ত মানুষদের খুঁজে বের করে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন। রাতের নিস্তব্ধতায় হঠাৎ এমন অপ্রত্যাশিত উপহার পেয়ে ছিন্নমূল মানুষরা আবেগাপ্লুত হয়ে পড়েন। কম্বল পেয়ে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই শীতে কেউ কোনো খোঁজ না নিলেও আপনারা নিজে এসে কম্বল দিয়েছেন। কম্বল পেয়ে আমি অনেক খুশি।”
কেন এমন মানবিক উদ্যোগ?
চলচ্চিত্রের রঙিন পর্দার বাইরে রাজ রিপার এই মানবিক রূপের কারণ জানতে চাইলে তিনি নিজের উপলব্ধির কথা জানান। অভিনেত্রী বলেন, “শৈত্যপ্রবাহের কারণে আমরা ভারি কম্বল ও জামাকাপড় পরেও শীত মানাতে পারছি না, কষ্ট হচ্ছে। সেখানে রাস্তায় পড়ে থাকা ছিন্নমূল মানুষগুলো কীভাবে এতো শীত সহ্য করছে, সেটা ভেবেই আমি স্থির থাকতে পারিনি। তাদের কষ্ট অনুভব করেই রাতের আঁধারে ছুটে গিয়েছি।”
তিনি আরও যোগ করেন, “রাস্তার পাশে প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে আমি ও আমার বন্ধুরা সাধ্যমতো চেষ্টা করেছি পাশে দাঁড়াতে। ভবিষ্যতে সুযোগ পেলে আবারও এভাবেই অসহায়দের মাঝে উষ্ণতা ছড়িয়ে দেব।”
চলচ্চিত্রের ঝলমলে জগতের বাইরে নায়িকার এই মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও নেটিজেনদের কাছে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।