গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানকে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। মুক্তি না দেওয়া হলে সারা দেশে কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানিয়েছে তারা।
শনিবার (৩ জানুয়ারি) রাত ৮টা ৫৭ মিনিটে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ-সংক্রান্ত একটি জরুরি পোস্ট দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
ফেসবুক পোস্টে যা বলা হয়েছে
সংগঠনটির ওই ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘জুলাই যোদ্ধা মাহদী হাসানকে ১ ঘণ্টার মধ্যে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’
গ্রেপ্তার ও কারণ স্বীকার
এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন 'কালবেলা'কে এই তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার রাত ৮টা ৩৩ মিনিটে দেওয়া অপর এক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ইয়াসমিন খাতুন আনুষ্ঠানিকভাবে মাহদী হাসানকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারের কারণ হিসেবে তিনি ওসিকে হুমকি দেওয়া এবং 'নির্বাচনী পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কাসহ নানা অস্পষ্ট ও অযৌক্তিক কারণ' দেখিয়েছেন বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।
পুলিশ সুপার ও ওসির প্রত্যাহারের দাবি
সংগঠনটি আরও জানিয়েছে, ‘জুলাই যোদ্ধা’ মাহদী হাসানকে অযৌক্তিকভাবে গ্রেপ্তারের দায়ে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এবং শায়েস্তাগঞ্জ থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।