মার্কিন রণতরীতে মাদুরো দম্পতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস এখন মার্কিন হেফাজতে রয়েছেন। তাদেরকে ইউএসএস আইও জিমা (USS Iwo Jima) নামের একটি যুদ্ধজাহাজে তোলা হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, জাহাজটি ইতোমধ্যে ক্যারিবীয় অঞ্চলের জলসীমা অতিক্রম করেছে এবং যুক্তরাষ্ট্রের অভিমুখে যাত্রা করেছে। তবে ক্যারিবীয় অঞ্চলের বিশালতা বিবেচনা করে গন্তব্যে পৌঁছাতে কিছুটা সময় লাগবে।
নিউইয়র্কে বিচারের প্রস্তুতি প্রাপ্ত সূত্র অনুযায়ী, যুদ্ধজাহাজটি যখন যুক্তরাষ্ট্রের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করবে, তখন মাদুরোকে হেলিকপ্টারে করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হতে পারে। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন, মাদুরো দম্পতিকে যুক্তরাষ্ট্রের আদালতে বিচারের মুখোমুখি করাই প্রশাসনের মূল উদ্দেশ্য। তিনি নিশ্চিত করেন, সরকার ‘আমেরিকান আদালতে আমেরিকান আইনের আওতায়’ তাদের বিচার দ্রুত শুরু করতে চায়, যা আগামী সপ্তাহের শুরুতেই শুরু হতে পারে।
ট্রাম্পের সংবাদ সম্মেলন ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ক্রিসমাস ও নববর্ষের ছুটি কাটাতে ফ্লোরিডায় অবস্থান করছেন। তিনি জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় তিনি হোয়াইট হাউসে ফিরে যাবেন। এর আগে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তিনি একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে। এই সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ (Joint Chiefs of Staff) এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ (Pit Heggseth) উপস্থিত থাকবেন।