চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান মানেই সব শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা। তবে সাতকানিয়ার কাঞ্চনায় আয়োজিত একটি পারিবারিক মেজবান এবার ভিন্ন মাত্রা যোগ করেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সামাজিক অনুষ্ঠানটি কার্যত রাজনৈতিক গণসংযোগে পরিণত হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন চট্টগ্রামের পৃথক চারটি আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া প্রভাবশালী চার নেতা।
ব্যতিক্রমী সামাজিক আয়োজন উদীয়মান শিল্পপ্রতিষ্ঠান সিস্টেম গ্রুপের চেয়ারম্যান ফজলুল আজিমের ভাই মরহুম জিলানী সওদাগরের রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিল ও মেজবান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণত মেজবানে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতি নিয়মিত ঘটনা হলেও, সাতকানিয়ার কাঞ্চনায় একমঞ্চে চট্টগ্রামের চার হেভিওয়েট প্রার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
একমঞ্চে চার মনোনয়নপ্রার্থী অনুষ্ঠানে উপস্থিত হয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের দৃষ্টি কাড়েন আবু সুফিয়ান, নাজমুল মোস্তফা আমিন, এনামুল হক এবং মিশকাতুল ইসলাম পাপ্পা। তাঁরা প্রত্যেকেই চট্টগ্রামের পৃথক পৃথক সংসদীয় আসন থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের আগমনে আমন্ত্রিত অতিথিদের মাঝে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এবং সাধারণ আমন্ত্রিতরা যেন মুহূর্তেই প্রার্থীর কর্মী-সমর্থকে পরিণত হন। তাদের সাথে যোগ দিয়েছিলেন বিএনপির প্রবীণ নেতা অধ্যাপক শেখ মহিউদ্দীন।
সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী হাওয়া নির্বাচনী মৌসুমে যে কোনো সামাজিক অনুষ্ঠানই এখন গণসংযোগের উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে। স্থানীয়রা মনে করছেন, এই মেজবানের মাধ্যমে বিএনপি প্রার্থীরা ভোটারদের কাছাকাছি যাওয়ার এবং নিজেদের মধ্যে রাজনৈতিক ঐক্য প্রদর্শনের একটি বড় সুযোগ পেয়েছেন। কুশল বিনিময়ের পাশাপাশি দোয়া মাহফিলের এই অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত এক রাজনৈতিক আড্ডা।
সিস্টেম গ্রুপের চেয়ারম্যান ফজলুল আজিম আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে মরহুম জিলানী সওদাগরের জন্য দোয়া প্রার্থনা করেন। ধর্মীয় ও সামাজিক এই আয়োজনের মধ্য দিয়ে নির্বাচনী মাঠের যে নতুন সমীকরণ লক্ষ্য করা গেল, তা চট্টগ্রামের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।