ঢাকা মহানগর উত্তর বিএনপির অধীন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন থানা যুবদলের সদ্য নিহত সদস্য সচিব এবং 'জুলাই যোদ্ধা' মরহুম গোলাম কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার দিনা।
নতুন দায়িত্ব গ্রহণ গত রোববার (৪ জানুয়ারি) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এবিএমএ রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পল্লবী থানা বিএনপিকে সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে সাবিহা আক্তার দিনাকে থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত করা হয়েছে।
সিদ্ধান্তটি অনুমোদন করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান। তারা আশা প্রকাশ করেছেন যে নতুন দায়িত্বে দিনা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সহায়ক হবেন।
নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা নতুন দায়িত্ব পেয়ে সাবিহা আক্তার দিনা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামানসহ দলের শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
নেতাকর্মীদের প্রত্যাশা পল্লবী থানা বিএনপির নেতারা জানান, নিহত গোলাম কিবরিয়া ছিলেন একজন নিবেদিতপ্রাণ, কর্মীবান্ধব এবং অত্যন্ত দক্ষ সংগঠক। তাঁর সহধর্মিণী হিসেবে দিনা সবসময়ই দলীয় দায়িত্ব পালনে তাঁকে অনুপ্রেরণা যুগিয়েছেন। যুগ্ম আহ্বায়ক হিসেবে দিনার অন্তর্ভুক্তি সংগঠনকে আরও শক্তিশালী করবে বলে তাঁরা মনে করেন।
দিনার বক্তব্য এ বিষয়ে সাবিহা আক্তার দিনা বলেন, ‘আমার স্বামী গোলাম কিবরিয়া ছাত্রজীবন থেকেই ছাত্রদল এবং পরবর্তীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনের অভিভাবক আমিনুল হকের সঙ্গে জীবনের শেষ দিন পর্যন্ত সক্রিয় ছিলেন। আওয়ামী লীগের সময় তিনি বহুবার কারাবরণ করেন এবং অবর্ণনীয় নির্যাতনের শিকার হন। তিনি গত ১৭ নভেম্বর নিজ এলাকায় প্রকাশ্যে নৃশংস হত্যার শিকার হন। তাঁর মৃত্যুর পর দলীয় নেতাকর্মীদের অনুরোধ এবং স্বামীর ভালোবাসার দল বিএনপির প্রতি দায়িত্ববোধ থেকেই আমিনুল হকের নেতৃত্বে আমি রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের সিদ্ধান্ত নিই। আমি সবার কাছে দোয়া ও সহযোগিতা চাই যেন আমার স্বামীর মতো দল থেকে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি।’