পডকাস্টে কী বলেছিলেন জোভান?
ওই পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে জোভান জানিয়েছিলেন, তাঁর একটি সম্পর্ক খুব অল্প সময়ের হলেও তা ভেঙে যাওয়ার পর তিনি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন। এমনকি তিনি মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদে ফেলেছিলেন বলেও মন্তব্য করেন। তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। নেটিজেনদের অনেকেই ব্যক্তিগত বিষয় এমনভাবে উপস্থাপনের সমালোচনা করেন।
‘কথাগুলো স্ক্রিপ্টেড ছিল’
বুধবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বার্তায় জোভান দাবি করেন, সাক্ষাৎকারে বলা কথাগুলো তাঁর মন থেকে আসেনি। তিনি বলেন, “রিসেন্টলি একটি সাক্ষাৎকারে আমি কিছু ভুল কথা বলেছি। যেগুলো মন থেকে বলা হয়নি। কথাগুলো স্ক্রিপ্টেড ছিল।” তিনি আরও জানান, অনুষ্ঠানে তাঁকে যা বলতে বলা হয়েছিল, সেটাই তিনি বলে ফেলেছেন এবং এতে তিনি সীমা অতিক্রম করেছেন।
স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন অভিনেতা
নিজের অতিরিক্ত কথা বলার জন্য দুঃখ প্রকাশ করে জোভান বলেন, “আমার অতটা বলা ঠিক হয়নি। বেশি বলায় আমি অনুতপ্ত এবং খুবই লজ্জিত— সমাজের কাছে এবং আমার স্ত্রীর কাছে। আশা করি, আমার বউ আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে।” ভিডিওতে মজার ছলে তিনি স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, “আর তো কিছু বলার নাই, সবই বলেছি।” এ সময় দেখা যায়, জোভান হাতে একটি চিরকুট দেখে বক্তব্য দিচ্ছিলেন এবং কথা বলার সময় ভুলে যাওয়ার বিষয়টি উঠলে দুজনই হেসে ওঠেন।
নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া
ভিডিওটি দেখে ধারণা করা হচ্ছে, এটি কনটেন্ট তৈরির উদ্দেশ্যেই বানানো। তবে মজার ছলে হলেও নেটিজেনদের একটি বড় অংশ এটিকে ইতিবাচকভাবে নেয়নি। অনেকেই মন্তব্য করছেন, ব্যক্তিগত বিষয় নিয়ে এমন নাটকীয়তা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার শামিল এবং এটি মোটেও গ্রহণযোগ্য নয়।