মাগুরা সদর উপজেলায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে আকিদুল ইসলাম (৪২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) ভোররাতে ইছাখাদা পশ্চিমপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আকিদুল সদর উপজেলার পাকা কাঞ্চনপুর গ্রামের শহর আলীর ছেলে।
ঘটনাস্থল ও নিহতের পরিচয় পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোররাতে সদর উপজেলার মালন্দ গ্রাম থেকে গরু চুরি করে পালানোর সময় স্থানীয় লোকজন আকিদুল ইসলামকে ধাওয়া করে। ইছাখাদা এলাকায় পৌঁছালে গরুটি ফেলে পালানোর চেষ্টা করলে জনতার মারধরে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
পরিবারের ভিন্ন দাবি: পরিকল্পিত হত্যাকাণ্ড তবে নিহতের পরিবার ঘটনাটিকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখছে। পরিবারের সদস্যদের দাবি, এটি চোর সন্দেহে গণপিটুনি নয়, বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত আকিদুলের ছেলে ও ভাবি জানান, আকিদুল ইসলাম সাইপ্রাস প্রবাসী ছিলেন এবং পাঁচ মাস আগে তিনি দেশে ফেরেন। তিনি ঢাকায় কাঁচামালের ব্যবসা করতেন এবং রাতের গাড়িতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।
পরিবারের অভিযোগ, আকিদুলকে চোর অপবাদ দিয়ে মিলন, সত্তার, মনিরুল, রশিদসহ গ্রামের কিছু লোক ধরে মারধর করে। তারা আকিদুলের ফোন ব্যবহার করে বাড়িতে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণও দাবি করে বলে অভিযোগ রয়েছে। টাকা না পেয়ে পূর্ব বিরোধের জেরে তাকে ষড়যন্ত্র করে পিটিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশের বক্তব্য মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।