আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে।
বিচারিক কমিটির নোটিশ রোববার (১১ জানুয়ারি) আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং নওগাঁর সিভিল জজ আদালতের (ধামুইরহাট) বিচারক সাথী ইসলাম এই নোটিশ দেন। নোটিশে প্রার্থী হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১৫ জানুয়ারি তাকে কমিটির কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নোটিশে উল্লেখ করা হয়েছে যে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ দায়ের হয়েছে, শেখ মো. রেজাউল ইসলাম রেজু বেশ কিছু স্থানে পোস্টার ও সিএনজি গাড়ির পেছনে স্টিকারের মাধ্যমে নির্বাচনী প্রচার করছেন। এই কর্মকাণ্ড জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর লঙ্ঘন বলে প্রতীয়মান হয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে কেন প্রতিবেদন করা হবে না কিংবা অপরাধ আমলে নিয়ে কেন বিচারকার্য সম্পন্ন করা হবে না, সে বিষয়েই মূলত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
প্রার্থীর বক্তব্য এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মনোনীত এমপি প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু জানান, তিনি এখনো চিঠি পাননি, তবে বিষয়টি শুনেছেন। তিনি নির্বাচনী প্রচার করার কথা অস্বীকার করে বলেন, নির্বাচনী কোনো পোস্টার লাগানো হয়নি। সিএনজিতে যে স্টিকার রয়েছে, তা নির্বাচনের অনেক আগে লাগানো হয়েছিল এবং তাতে আসন্ন নির্বাচনে ‘ধানের শীষে ভোট দিন’—এমন কোনো তারিখ বা স্পষ্ট নির্দেশনা লেখা নেই। তিনি আরও জানান, যদি তাকে ডাকা হয়, তবে আগামী ১৫ জানুয়ারি তিনি গিয়ে ব্যাখ্যা দেবেন।