গণতন্ত্রের লড়াই শেষ হয়নি: ডা. রফিকুল ইসলাম বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেন, “গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়নি। মানুষের ভোটের রায়ে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই আমরা এই লড়াইয়ের ফল ভোগ করতে পারব।” তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, “একটি শক্তি এখনো চেষ্টা করছে কীভাবে পেছনের দরজা দিয়ে এই দেশের গণতন্ত্র ধ্বংস করে দেশ শাসন করতে পারে। এই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তাহলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে।”
খালেদা জিয়ার সংগ্রামী জীবনের স্মৃতিচারণ দোয়া মাহফিলে ডা. রফিকুল ইসলাম মরহুমা বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, “ফ্যাসিস্ট শাসনের সময় অসংখ্য মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়ে তিনি পুরান ঢাকার আদালতে হাজিরা দিতে আসতেন। তখন আমরা বহু নেতাকর্মী তার গাড়ির বহরকে এগিয়ে দিতাম। তিনি শুধু বিএনপির নন, সব দলের কাছেই ছিলেন আস্থাভাজন একজন গণতান্ত্রিক নেত্রী।”
দেশের মাটি ও মানুষের প্রতি খালেদা জিয়ার অঙ্গীকার রফিকুল ইসলাম আরও উল্লেখ করেন, “ওয়ান-ইলেভেনের সময় বিদেশে পাঠানোর সব চক্রান্ত উপেক্ষা করে বেগম জিয়া দেশের মাটি ও মানুষের কথা ভেবে দেশ ছাড়েননি। দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।” তিনি নারী শিক্ষা, স্বাস্থ্যখাত এবং সামাজিক উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদানকে ‘ইতিহাসে অমলিন’ বলে মন্তব্য করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের ডা. মিলন অডিটোরিয়ামও তাঁর সরকারের অবদান বলে জানান।
গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের নেতৃত্ব শক্তিশালী করার আহ্বান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ডা. রফিকুল ইসলাম। তিনি বলেন, “মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের চেয়ারপারসন তারেক রহমান এখন দেশে আছেন। তার নেতৃত্বকে শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তাহলেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে।”