রাজধানীর উত্তরার ১১নং সেক্টরের একটি সাততলা ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ছয়জন নিহত ও অনেকে দগ্ধ হওয়ার মর্মান্তিক ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।
আমিরের স্ট্যাটাসে যা বলা হয়েছে
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে জামায়াত আমির লিখেছেন, “আজ সকাল ৭টা ৫০ মিনিটে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ৬ জন নিহত এবং আরও অনেকে দগ্ধ হওয়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
নিহত ও আহতদের জন্য প্রার্থনা
ডা. শফিকুর রহমান আরও লেখেন, “যারা এরই মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনি মেহেরবানি করে তাদের ক্ষমা করুন, তাদের ওপর রহম করুন এবং জান্নাতবাসী হিসেবে কবুল করুন। নিহতদের স্বজনদের উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন।” তিনি আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন, “যারা আহত হয়েছেন, তাদের প্রতি বিশেষভাবে রহম করুন এবং তাদের দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন।”
অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বৃদ্ধি
এর আগে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর খবর দিলেও, পরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। এতে মোট নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়ায়। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।