যশোর সাংবাদিক ফোরাম (জেজেএফ) ঢাকার কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত এই বৈঠকে সংগঠনকে গতিশীল করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের সভাপতি ও সঞ্চালক
বৈঠকে সভাপতিত্ব করেন জেজেএফ’র আহ্বায়ক মাহমুদ সোহেল এবং সভা সঞ্চালনা করেন সদস্য সচিব নাজিম উদ দৌলা সাদি।
উপকমিটি গঠন ও দায়িত্ব
সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন ও রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজের জন্য একটি উপকমিটি গঠন করা হয়েছে। এই উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দ আহসান কবীর তুষার। এছাড়াও, এই কমিটিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন শাহরিয়ার সোহাগ, পলিয়ার ওয়াহিদ ও মাহমুদুল হাসান।
সংগঠনের সদস্য সংগ্রহ কার্যক্রমকে গতিশীল করতে গঠন করা হয়েছে সদস্য সংগ্রহ উপকমিটি। এর আহ্বায়ক করা হয়েছে তানভীর আহমেদকে এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল আলিম। এই কমিটিতে আরও থাকতে আগ্রহ প্রকাশ করেছেন ইনামুল হোসেন, আক্তার হোসেন ও তৌহিদুর রহমান তুহি।
প্রচার ও দাপ্তরিক কাজ সুচারুরূপে সম্পন্ন করার জন্য প্রচার ও দপ্তর উপকমিটির আহ্বায়ক করা হয়েছে মুতাসিম বিল্লাহকে। এই কমিটিতে কাজ করতে আগ্রহ জানান ফয়সাল আহমেদ, রুমান হাসান তামিম ও তারিন সুলতানা।
তাৎক্ষণিক ও ভবিষ্যৎ পরিকল্পনা
সংগঠনের সামগ্রিক কার্যক্রমকে সুসংগঠিত ও কার্যকর করতে নবগঠিত এই উপকমিটিগুলোকে চলতি মাসের মধ্যেই পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও, রমজান মাসে ইফতার মাহফিল আয়োজন এবং সংগঠনের শুভাকাঙ্ক্ষীদের তালিকা প্রণয়নের লক্ষ্যে দ্রুত দুটি আলাদা আহ্বায়ক কমিটি গঠনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।