• রাজনীতি
  • পোস্টাল ব্যালেটে মার্কা বিভ্রান্তি: ইসিকে গণঅধিকার পরিষদের জরুরি চিঠি

পোস্টাল ব্যালেটে মার্কা বিভ্রান্তি: ইসিকে গণঅধিকার পরিষদের জরুরি চিঠি

ভোটারদের মধ্যে বিভ্রান্তি এড়াতে ব্যালটে ‘ট্রাক’ ও ‘ট্রাক্টর’ মার্কা নির্দিষ্ট দূরত্বে প্রতিস্থাপনের দাবি জানিয়েছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন দলটি।

রাজনীতি ১ মিনিট পড়া
পোস্টাল ব্যালেটে মার্কা বিভ্রান্তি: ইসিকে গণঅধিকার পরিষদের জরুরি চিঠি

পোস্টাল ব্যালটে নিজেদের দলীয় প্রতীক ‘ট্রাক’ এবং আরেকটি দল বা প্রার্থীর ‘ট্রাক্টর’ মার্কার মধ্যেকার নৈকট্যের কারণে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির আশঙ্কা জানিয়ে নির্বাচন কমিশন (ইসি)-কে জরুরি চিঠি দিয়েছে গণঅধিকার পরিষদ (জিওপি)। এতে ভোটদানে সমস্যা এড়াতে ব্যালটে মার্কা দুটির অবস্থান পরিবর্তন করে নির্দিষ্ট দূরত্বে প্রতিস্থাপনের অনুরোধ জানানো হয়েছে।

পোস্টাল ব্যালটে মার্কা বিভ্রাট

নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক নিবন্ধিত রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ (জিওপি), যার নিবন্ধন নম্বর-৫১ এবং দলীয় প্রতীক হলো 'ট্রাক'। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন মাধ্যমে পোস্টাল ব্যালট পেপারের যে নমুনা চিত্র তাদের দৃষ্টিগোচর হয়েছে, তাতে তাদের ‘ট্রাক’ মার্কা এবং ‘ট্রাক্টর’ মার্কা সমসারিতে উপর-নিচে অবস্থান করছে। এই নৈকট্যের কারণে ভোটারদের মাঝে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং দুটো মার্কা শনাক্ত করা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফলে ভোট দিতে গিয়ে ভোটাররা বিভ্রান্তিতে পড়তে পারেন বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

চিঠিতে যা জানাল জিওপি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাক্ষরিত এই চিঠিটি শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টায় নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়। চিঠি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, উচ্চতর পরিষদ সদস্য হাবিবুর রহমান রিজু এবং যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না।

দলটি চিঠিতে উল্লেখ করেছে, এমন পরিস্থিতিতে তারা গভীর উদ্বেগ জানাচ্ছে। ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের সুযোগ নিশ্চিত করতে ট্রাক এবং ট্রাক্টর মার্কা দুটিকে ব্যালটে নির্দিষ্ট দূরত্বে প্রতিস্থাপনের বিষয়ে পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে গণঅধিকার পরিষদ।

Tags: election commission nurul haque nur postal ballot ganoadhikar parishad marka confusion