ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ দিয়ে গত রোববার শেষ হয়েছে বিপিএল ২০২৬-এর লিগ পর্ব। শেষ ম্যাচে ঢাকা ৪২ রানে চট্টগ্রামকে হারালেও তারা প্লে-অফে উঠতে ব্যর্থ হয়। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল হলো—রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স ও সিলেট টাইটানস। এই চার দল এখন শিরোপার জন্য নকআউট পর্বে লড়বে।
লিগ পর্ব শেষ হওয়ার পর ২০ জানুয়ারি থেকে শুরু হবে প্লে-অফের মহাযজ্ঞ।
এলিমিনেটর: টিকে থাকার ‘ডু অর ডাই’ ম্যাচ
আগামী ২০ জানুয়ারি দুপুর ১টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল—সিলেট টাইটানস ও রংপুর রাইডার্স। এটি একটি ‘ডু অর ডাই’ ম্যাচ। এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। জয়ী দল অবশ্য ফাইনালের টিকিট পাওয়ার জন্য আরেকটি সুযোগ পাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার মাধ্যমে।
প্রথম কোয়ালিফায়ার: সরাসরি ফাইনালের টিকিট
একই দিন সন্ধ্যা ৬টায় প্রথম কোয়ালিফায়ারে লড়বে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল—রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। এই ম্যাচের বিজয়ী দল সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করবে। তবে পরাজিত দলের জন্যও সুযোগ থাকছে—তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে আরেকবার ফাইনাল খেলার সুযোগ পাবে।
দ্বিতীয় কোয়ালিফায়ার: শেষ টিকিটের লড়াই
২১ জানুয়ারি সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এখানে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল এবং এলিমিনেটরের জয়ী দল। এই ম্যাচের বিজয়ী দল উঠবে ফাইনালে।
ফাইনাল: শিরোপা নির্ধারণী ম্যাচ
২৩ জানুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
এক নজরে প্লে-অফ সূচি
- ২০ জানুয়ারি (দুপুর ১টা): এলিমিনেটর — রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটানস
- ২০ জানুয়ারি (সন্ধ্যা ৬টা): প্রথম কোয়ালিফায়ার — রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস
- ২১ জানুয়ারি (সন্ধ্যা ৬টা): দ্বিতীয় কোয়ালিফায়ার (প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটরের জয়ী দল)
- ২৩ জানুয়ারি (সন্ধ্যা ৬টা): ফাইনাল (মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে)