শাবনূর-অমিতের সোনালী সময়ের রসায়ন
রোববার (১৮ জানুয়ারি, ২০২৬) চিত্রনায়ক কাজী মারুফের যুক্তরাষ্ট্রে বাসভবনে এক বিশেষ তারকা আড্ডার আয়োজন করা হয়েছিল। সেখানে শাবনূর, অমিত হাসান, মাহিয়া মাহি-সহ আরও অনেক অভিনয়শিল্পী উপস্থিত ছিলেন। আড্ডার একপর্যায়ে বেজে ওঠে তাঁদের কালজয়ী সিনেমা 'প্রেমের তাজমহল'-এর জনপ্রিয় গান—'একদিকে পৃথিবী, আরেকদিকে তুমি যদি চাও...'। আর সেই গানের তালে অমিত হাসানের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে নেচে ওঠেন শাবনূর। শুধু নাচ নয়, দ্বৈত কণ্ঠে গান গাইতেও দেখা যায় এই দুই তারকাকে। কাজী মারুফ এই আনন্দঘন মুহূর্তটি লাইভ ও ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতেই তা দ্রুত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে শাবনূর ও অমিত হাসানের রসায়ন ভক্তদের মনে করিয়ে দিয়েছে বাংলা সিনেমার নব্বইয়ের সোনালি দিনের স্মৃতি।
ছেলের ইচ্ছাপূরণে যুক্তরাষ্ট্র ভ্রমণ
শাবনূর কথা দিয়েছিলেন বছর শেষে ঢাকায় ফিরবেন। গত বছর এপ্রিলে অসুস্থ মাকে নিয়ে তিনি মাত্র আট ঘণ্টার জন্য সিডনি থেকে ঢাকায় এসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁর গন্তব্য বদলে যায়। জানা গেছে, একমাত্র ছেলে আইজান নেহানের ইচ্ছাতেই তিনি এবার যুক্তরাষ্ট্র ভ্রমণে গিয়েছেন। ছেলে আমেরিকা দেখতে চাওয়ায় তার 'হ্যাঁ'-এর জন্যই এই নতুন ভ্রমণ পরিকল্পনা সাজান ঢালিউডের এই 'ড্রিমগার্ল'।
প্রবাসে এক টুকরো বাংলাদেশ
যুক্তরাষ্ট্রে গিয়ে যেন এক টুকরো বাংলাদেশ খুঁজে পেয়েছেন এই গুণী অভিনেত্রী। সমসাময়িক অভিনয়শিল্পী ও বন্ধুদের সঙ্গে সময়টা দারুণ উপভোগ করছেন তিনি। এর আগে তাঁকে দেখা গেছে দীর্ঘদিনের প্রিয় সখী মৌসুমীর সঙ্গে। এছাড়া অভিনেতা মামুন ইমন, রেসিসহ আরও অনেক পরিচিত মুখের সঙ্গে তাঁর দেখা হয়েছে। পুরনো দিনের গল্প, স্মৃতিচারণ আর হাসি-আড্ডায় প্রবাসের সময়টা দারুণভাবে কাটছে সবার প্রিয় এই চিত্রনায়িকার।