জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য
মঙ্গলবার (২০ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। তিনি বলেন, “নির্বাচনের আর মাত্র ২৩ দিন বাকি। অথচ এখন কেউ কেউ বলছেন—নির্বাচন হবে না, বাধা দেব, করতে দেব না। খোঁজ নিয়ে দেখলে বোঝা যাবে, তাদের তিনটি ভোটও নেই। অথচ তারাই বড় গলায় বলছে, নির্বাচন হতে দেবে না।”
নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান
বিএনপি মহাসচিব স্পষ্ট করে বলেন, “আমরা নির্বাচনের জন্য মুখিয়ে আছি। আমরা নির্বাচন চাই। জনগণের কাছে যাব—তারা যদি আমাদের চায়, আমরা থাকব; আর যদি না চায়, তাহলে বাদ। তখন আমরা বিরোধী দলে থাকব। আগেভাগে এত হুমকি-ধমকির কী দরকার?” তিনি আরও মন্তব্য করেন, সবচেয়ে বেশি দুষ্টুমি করছে তারা, যারা একসময় বাংলাদেশকেই স্বীকার করেনি এবং যাদের হাতে অনেক মা-বোন পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তুলে দেওয়ার ইতিহাস রয়েছে। মির্জা ফখরুল বলেন, অনেক ত্যাগের বিনিময়ে দেশ আজ একটি পর্যায়ে এসেছে। সামনে নির্বাচন, যেখানে মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে একটি গণতান্ত্রিক দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে।
সংস্কার প্রস্তাব প্রসঙ্গে
সরকারের সংস্কার প্রস্তাবের বিষয়ে কথা বলতে গিয়ে ফখরুল জানান, সরকারের প্রস্তাবের দুই বছর আগেই বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। তিনি উল্লেখ করেন, এখন সরকার এ নিয়ে ব্যাপক প্রচারণা চালালেও, সংস্কার আসলে বিএনপিরই চিন্তা-ভাবনার ফসল।