• বিনোদন
  • দাম্পত্যে ভাঙনের গুঞ্জন: সবকিছু থেকে বিরতি নিতে চান নেহা কক্কর, জানালেন আসল কারণ

দাম্পত্যে ভাঙনের গুঞ্জন: সবকিছু থেকে বিরতি নিতে চান নেহা কক্কর, জানালেন আসল কারণ

গ্ল্যামার ও সাফল্যের জগতে অভ্যস্ত বলিউড গায়িকা নেহা কক্কর আচমকাই সোশ্যাল মিডিয়ায় সবকিছু থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন। স্বামীর সঙ্গে ভাঙনের জল্পনা উড়িয়ে দিয়ে তিনি জানিয়েছেন, মানসিক শান্তির জন্যই এই সিদ্ধান্ত।

বিনোদন ১ মিনিট পড়া
দাম্পত্যে ভাঙনের গুঞ্জন: সবকিছু থেকে বিরতি নিতে চান নেহা কক্কর, জানালেন আসল কারণ

বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্করের একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে তাঁর ব্যক্তিগত জীবনে হঠাৎই ঝড় ওঠে। কাজ, সম্পর্ক ও দায়িত্ব থেকে বিরতি নেওয়ার ঘোষণার পর গুঞ্জন ছড়ায়—তবে কি স্বামী রোহানপ্রীত সিংয়ের সঙ্গে তাঁর সম্পর্কে চিড় ধরেছে? তবে সব জল্পনার অবসান ঘটিয়ে নেহা নিজেই সামনে এসে জানিয়েছেন, দাম্পত্যে ভাঙন নয়, তিনি আসলে এই মুহূর্তে নিজের জন্য কিছুটা সময় ও সবকিছু থেকে সাময়িক বিরতি চাইছেন।

গ্ল্যামার, সাফল্য এবং উচ্ছ্বসিত গানের জগতের অন্যতম পরিচিত মুখ নেহা কক্করের (Neha Kakkar) জীবন সম্প্রতি এক প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছিল। সোমবার (১৯ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, নেহা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে আপাতত কিছুটা বিরতি নেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে পাপারাজ্জিদের ছবি না তোলার অনুরোধও করেন।

পোস্ট ঘিরে জল্পনা ও নেহার প্রতিক্রিয়া

যদিও কয়েক মিনিটের মধ্যেই সেই পোস্টগুলো মুছে ফেলেন নেহা, কিন্তু ততক্ষণে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়ে যায়। অনেকেই ধরে নেন, গায়ক স্বামী রোহানপ্রীত সিংয়ের (Rohanpreet Singh) সঙ্গে তাঁর সম্পর্কে হয়তো বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে।

তবে এই জল্পনার প্রেক্ষিতে পরে আবার ইনস্টাগ্রাম স্টোরিতে বিস্তারিত বার্তা দিয়ে গুঞ্জন নিরসনের চেষ্টা করেন নেহা। সেখানে তিনি লেখেন, “দয়া করে আমার নির্দোষ স্বামী বা আমার পরিবারকে এই বিষয়ে জড়াবেন না। ওরাই আমার সবচেয়ে বড় শক্তি। আজ আমি যা কিছু, সবই তাদের সমর্থনের জন্য।”

বিরতির কারণ 'সিস্টেম' ও ট্রোলিং

নেহা আরও জানান, তিনি আসলে কিছু ব্যক্তি ও একটি ‘সিস্টেম’-এর কারণে মনঃক্ষুণ্ন ছিলেন। তিনি বলেন, “আমি বুঝতে পারছি, সোশ্যাল মিডিয়ায় আবেগী পোস্ট দিলে কীভাবে ছোট জিনিসকে পাহাড়সম বানানো হয়। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিলাম।” নেহার এই বক্তব্যে স্পষ্ট, তাঁর বিরতির সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত মানসিক স্বাস্থ্যের কারণে, দাম্পত্য সমস্যার জন্য নয়।

সমালোচনার মুখে নতুন গান 'ললিপপ'

২০২০ সালের অক্টোবরে গায়ক রোহানপ্রীত সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নেহা। ‘দিলবার’, ‘আঁখ মারেই’, ‘হাউলি হাউলি’র মতো হিট গানে কণ্ঠ দিয়ে তিনি বলিউডে নিজের জায়গা পাকা করেছেন। নিয়মিত দেখা যায় সংগীতভিত্তিক রিয়েলিটি শোর বিচারকের আসনেও।

তবে সম্প্রতি ভাই টনি কক্করের সঙ্গে নেহার নতুন গান ‘ললিপপ’ মুক্তি পাওয়ার পর থেকেই নেট দুনিয়ায় তীব্র সমালোচনার শিকার হন তিনি। গানের কথা ও দৃশ্যায়ন নিয়ে নেটিজেনদের একাংশ এটিকে ‘অশালীন’ বলে কটাক্ষ করেন। ফলে ধারণা করা হচ্ছে, লাগাতার ট্রোলিং ও সমালোচনার চাপ সহ্য করতে না পেরেই নেহা এমন কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।

Tags: social media bollywood neha kakkar trolling rohanpreet singh break lollipop song