প্রথমবার পুলিশ কমিশনারের ভূমিকায় ভূমি
অভিনেত্রী ভূমি পেডনেকর তাঁর ক্যারিয়ারে সব সময়ই বেছে নিয়েছেন ভিন্নধর্মী চরিত্র। এই প্রথম তিনি একজন পুলিশ কমিশনারের ভূমিকায় অভিনয় করলেন। ট্রেলারে দেখা যায়, তিনি মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার রীতা ফেরেইরা-এর চরিত্রে একের পর এক খুনের ঘটনার তদন্ত করছেন। এই হত্যাকাণ্ডগুলোর পেছনে রয়েছে এক সিরিয়াল কিলার। চলতি মাসের শুরুতে প্রকাশিত টিজারে যে রহস্যময় ও গা ছমছমে আবহ তৈরি হয়েছিল, সদ্য মুক্তিপ্রাপ্ত ট্রেলার সেটিকে আরও বিস্তৃত করেছে। এতে তদন্তের গভীরতা এবং মামলার অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রধান চরিত্রের মানসিক চাপ ও ভেতরের টানাপোড়েন স্পষ্টভাবে ফুটে উঠেছে।
চরিত্র নিয়ে ভূমি পেডনেকরের মন্তব্য
'দলদল' সিরিজে নিজের অভিনীত চরিত্র নিয়ে ভূমি পেডনেকর বলেন, “রীতা ফেরেইরা চরিত্রে অভিনয় করা আমার ক্যারিয়ারের অন্যতম তৃপ্তিদায়ক অভিজ্ঞতা। রীতা এক উচ্চাকাঙ্ক্ষায় গড়া নারী, সন্দেহে তাড়িত এবং অতীতের ভারে ক্লান্ত একটি চরিত্র, যে আমাকে শক্তি ও ভঙ্গুরতার সূক্ষ্ম ভারসাম্য এমনভাবে অনুসন্ধান করতে বাধ্য করেছে, যা আগে কখনো করিনি। রিতার জগতে প্রবেশ করা ছিল একই সঙ্গে চ্যালেঞ্জিং ও গভীরভাবে পরিতৃপ্তিদায়ক, কারণ তার যাত্রা আমাদের সবার জীবনের এক জটিলতার প্রতিচ্ছবি।”
নির্মাতা অমৃত রাজ গুপ্তের ভাবনা
সিরিজটি পরিচালনা করেছেন অমৃত রাজ গুপ্ত এবং প্রযোজনা করেছেন বিক্রম মালহোত্রা ও সুরেশ ত্রিবেণী। সিরিজটি প্রসঙ্গে নির্মাতা অমৃত বলেন, “'দলদল' মূলত একজন সিনিয়র পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত ও পেশাগত চ্যালেঞ্জের গল্প। যিনি এক ভয়ংকর ও চাপপূর্ণ তদন্তের মধ্যে দিয়ে এগিয়ে যান। ট্রেলারে দেখা যায়, কীভাবে মামলাকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে, শহরের ওপর অপরাধগুলোর প্রভাব পড়ে এবং একই সঙ্গে প্রাতিষ্ঠানিক চাপ ও নিজের অমীমাংসিত অতীতের মুখোমুখি হয়ে রীতা ফেরেইরার মানসিকভাবে ভেঙে পড়ার মুহূর্তগুলো সামনে আসে।”
কবে ও কোথায় দেখা যাবে সিরিজটি?
ভূমির পাশাপাশি এ সিরিজে অভিনয় করেছেন সামারা তিজোরি, আদিত্য রাওয়ালসহ আরও অনেকে। এই মনস্তাত্ত্বিক ক্রাইম থ্রিলার সিরিজটি ভারতসহ বিশ্বের ২৪০টি দেশে একযোগে প্রকাশ পাবে চলতি বছরের ৩০ জানুয়ারি প্রাইম ভিডিও (Prime Video)-তে।