• রাজনীতি
  • পরীক্ষিত নেতা তারেক রহমানই দেশকে এগিয়ে নিতে পারবেন: আবদুস সালাম

পরীক্ষিত নেতা তারেক রহমানই দেশকে এগিয়ে নিতে পারবেন: আবদুস সালাম

বিএনপি নেতা আবদুস সালাম বলেন, তারেক রহমানের 'আই হ্যাভ এ প্ল্যান' এ দেশের বর্তমান অর্থনীতি, সমাজব্যবস্থা ও পররাষ্ট্রনীতিকে ঢেলে সাজাতে সক্ষম।

রাজনীতি ১ মিনিট পড়া
পরীক্ষিত নেতা তারেক রহমানই দেশকে এগিয়ে নিতে পারবেন: আবদুস সালাম

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মতো পরীক্ষিত নেতৃত্ব হিসেবে তারেক রহমানই আগামী দিনে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তিনি উল্লেখ করেন, তারেক রহমানের রয়েছে দেশের অর্থনীতি, সমাজ ও পররাষ্ট্রনীতিকে ঢেলে সাজানোর সুস্পষ্ট পরিকল্পনা 'আই হ্যাভ এ প্ল্যান'। তিনি আসন্ন নির্বাচনকে বানচালের চেষ্টারও তীব্র সমালোচনা করেছেন।

শাহজাদপুরে নির্বাচনী প্রচারণায় আবদুস সালাম

রবিবার (২৫ জানুয়ারি) রাজধানীর শাহজাদপুর সুবাস্ত নজর ভ্যালীর উল্টো দিকে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন আবদুস সালাম। তিনি ঢাকা-১৭ আসনের বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কেরও দায়িত্বে আছেন।

আবদুস সালাম বলেন, বাংলাদেশের ইতিহাসে বিএনপির একটি গৌরবোজ্জ্বল অতীত রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভঙ্গুর অর্থনীতি, দুর্ভিক্ষ ও শৃঙ্খলাহীনতার মধ্যেও দেশকে শক্ত অবস্থানে নিয়ে গিয়েছিলেন। একইভাবে বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে দেশে শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন, গণতন্ত্র ও সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করেছেন।

গণতন্ত্র পুনরুদ্ধার ও আসন্ন নির্বাচন

আবদুস সালাম বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, দেশে এখনো গণতন্ত্র পুরোপুরি ফিরে আসেনি। গণতন্ত্র পুনরুদ্ধারের প্রাথমিক ধাপ হিসেবে আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচালের চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে তারেক রহমানই দেশের মানুষকে সামনে এগিয়ে নিতে পারবেন।

তিনি বলেন, তারেক রহমান যখন দেশে এসেছিলেন, তখন কোটি কোটি মানুষ তাকে স্বাগত জানিয়ে জনগণের আস্থার প্রতীক হিসেবে প্রমাণ দিয়েছেন। তিনি বর্তমানে জনগণের সামনে সেই আস্থার প্রতীক হিসেবে দাঁড়িয়েছেন।

'আই হ্যাভ এ প্ল্যান' এবং অন্য দলের পরিকল্পনা

বিএনপি নেতার দাবি, বর্তমান অর্থনীতি, সমাজব্যবস্থা ও পররাষ্ট্রনীতিকে ঢেলে সাজাতে একমাত্র তারেক রহমানের পক্ষেই সম্ভব। তিনি বলেন, তারেক রহমানের একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে – 'আই হ্যাভ এ প্ল্যান'। অন্য কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত রাষ্ট্রের সামনে এমন কোনো পরিষ্কার পরিকল্পনা উপস্থাপন করতে পারেনি। তিনি বিএনপির ৩১ দফা কর্মসূচির কথাও তুলে ধরেন, যেখানে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে যুব, ছাত্র, কৃষক, শ্রমিক ও মা-বোনদের জন্য স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া আছে।

ভোট কেনাবেচার সমালোচলা

আসন্ন নির্বাচন প্রসঙ্গে আবদুস সালাম বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে সবসময় সহনশীলতা ও গণতন্ত্রের চর্চা করে। কিন্তু একটি দল ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং নিম্ন আয়ের মানুষদের ভোট নেওয়ার উদ্দেশে বিকাশ নম্বর সংগ্রহের মতো অনৈতিক কাজ করছে। তিনি এটিকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বলেন, ভোট কোনো কেনাবেচার পণ্য নয়, এটি মানুষের মৌলিক অধিকার। তিনি ধর্মের নামে ঘুষ দিয়ে ভোট কেনার চেষ্টারও তীব্র সমালোচনা করেন।

আবদুস সালাম উল্লেখ করেন, দীর্ঘ ১৭-১৮ বছর পর দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে এবং জনগণ কোনোভাবেই এই অধিকার নষ্ট হতে দেবে না। তিনি বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে ঠেকানো যাবে না, কারণ এই নির্বাচনে মানুষ দলবেঁধে ভোট দিতে আসবে।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নাজিমউদ্দিন আলমসহ অঙ্গ সংগঠন ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: tarique rahman bnp bangladesh politics election campaign abdus salam dhaka-17 election