বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ভোটের আবেদন
বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জোরেশোরে নির্বাচনী প্রচারণায় নেমেছেন দলের নেতা ও ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। রোববার (২৫ জানুয়ারি) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) প্রাঙ্গণ থেকে তিনি এই কার্যক্রম শুরু করেন।
এরপর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা যেমন জামিল নগর, পালপাড়া, আমতলী, সেউজগাড়ী, নাটাইপাড়া, বৌ বাজার, উত্তর চেলোপাড়া মাঠ, চেলোপাড়া আশ্রম সংলগ্ন পাড়া, চেলোপাড়া পার্ক, সিনজি স্ট্যান্ড, সাবগ্রাম হাট হয়ে সাবগ্রাম স্টেশনে গিয়ে ডা. বিটু ও তার সঙ্গীরা দিনব্যাপী প্রচারণা শেষ করেন। এ সময় তিনি এলাকার সাধারণ ভোটারদের কাছে তারেক রহমানের জন্য 'ধানের শীষ' প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচারণায় ড্যাব ও ছাত্রদলের সক্রিয় অংশগ্রহণ
ডা. বিটুর নেতৃত্বে এই নির্বাচনী প্রচারণায় ড্যাবের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— ড্যাবের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, বিএমএ'র সদস্য সচিব ডা. মো. আব্দুল ওয়াহেদ, ডা. মো. আনিসুর রহমান, ডা. মো. সাইফুর রহমান শাহীন, বগুড়া জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. ইউনুস আলী সহ আরও অনেকে।
এছাড়া স্থানীয় ছাত্রদল, বিশেষত শজিমেক ছাত্রদলের সভাপতি শেখ রিচি, সেক্রেটারি গালিব আল মুগনী এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগানসহ অন্যান্য নেতৃবৃন্দও প্রচারণায় যোগ দেন। সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাসও এ সময় উপস্থিত ছিলেন।
ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন নেতাদের সমন্বয় সভা
নির্বাচনী প্রচারণার এক পর্যায়ে বগুড়া-৬ আসনের নির্বাচন পরিচালনা নিয়ে ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) বগুড়া জেলা নেতাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় আগামী দিনের নির্বাচনী কৌশল ও প্রচারণার দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয় বলে জানা গেছে।