আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে সক্রিয় হয়ে উঠেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা। ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে অংশ নিয়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।
রাজপথে জিয়ার পরিবারের সদস্য শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঢাকা-১৭ নির্বাচনী এলাকার বিভিন্ন পয়েন্টে ভোটারদের দ্বারে দ্বারে যান শামিলা রহমান সিঁথি। বিকেল ৩টার দিকে তিনি শাহজাদপুরস্থ সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে থেকে প্রচারণা শুরু করেন। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।
নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ সময় পর জিয়ার পরিবারের কোনো সদস্য সরাসরি নির্বাচনী গণসংযোগে নামায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শাহজাদপুর থেকে শুরু করে গুলশান ডিএনসিসি মার্কেট এলাকা পর্যন্ত বিস্তৃত এই গণসংযোগে বিএনপির বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন। নির্বাচনী প্রচারণাকালে তার সঙ্গে ছিলেন বিএনপি নেত্রী ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।
তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়া গণসংযোগকালে শামিলা রহমান সিঁথি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির প্রার্থীদের বিজয়ী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
রাজনৈতিক তাৎপর্য রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কোকোর স্ত্রীর এই সক্রিয় অংশগ্রহণ তৃণমূলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে বড় ভূমিকা রাখবে। বিশেষ করে ঢাকা-১৭ আসনের মতো গুরুত্বপূর্ণ এলাকায় তার উপস্থিতি সাধারণ ভোটারদের মধ্যেও বিশেষ কৌতূহল সৃষ্টি করেছে।