দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পেল আফরান নিশো অভিনীত সিনেমা ‘দম’-এর প্রথম অফিশিয়াল পোস্টার। ‘শুধু লড়াই নয়, অস্তিত্বের প্রশ্ন! যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে?’—এমন শক্তিশালী ট্যাগলাইন নিয়ে পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
পোস্টারে যা দেখা গেল প্রকাশিত পোস্টারে এক আহত কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ মানুষের মুখচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। এর পটভূমিতে দেখা যায় গাধার পিঠে বসা এক ব্যক্তিকে অস্ত্রধারী একদল মানুষ ধাওয়া করছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি মানবিক সাহসের একটি শক্তিশালী উপাখ্যান হিসেবে তুলে ধরা হয়েছে। পোস্টারটি শেয়ার করার পরপরই নেটিজেনদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
পরিচালক ও প্রযোজকের বক্তব্য সিনেমাটি নিয়ে নির্মাতা রেদওয়ান রনি বলেন, “দম হলো সাধারণ একজন মানুষের জ্বলে ওঠার গল্প, অর্থাৎ ‘পাওয়ার অব আ কমন ম্যান’। এই গল্পটি আসলে সবার। পোস্টারটি দর্শকদের ভালো লেগেছে জেনে আমরা আনন্দিত। সামনে দর্শকদের জন্য আরও অনেক চমক অপেক্ষা করছে।”
যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এবং চরকি। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল বলেন, “পোস্টার প্রকাশের মাধ্যমেই আমরা অফিশিয়াল প্রমোশন শুরু করলাম। দর্শকরা আমাদের সাথে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে আশা করছি।”
তারকা বহুল কাস্টিং ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ট্যাগলাইনে নির্মিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তার সঙ্গে আছেন পূজা চেরি ও চঞ্চল চৌধুরী। সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ এবং রবিউল আলম রবি। আসন্ন ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।