• আন্তর্জাতিক
  • ইরান যুদ্ধ নিয়ে ‘বিভ্রান্তিকর’ পোস্ট, ১৯ ভারতীয়কে গ্রেপ্তারের নির্দেশ আমিরাতে

ইরান যুদ্ধ নিয়ে ‘বিভ্রান্তিকর’ পোস্ট, ১৯ ভারতীয়কে গ্রেপ্তারের নির্দেশ আমিরাতে

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
ইরান যুদ্ধ নিয়ে ‘বিভ্রান্তিকর’ পোস্ট, ১৯ ভারতীয়কে গ্রেপ্তারের নির্দেশ আমিরাতে

জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন ভুল তথ্য প্রচার রোধে ডিজিটাল পরিসরে নিবিড় নজরদারির আওতায় এই ভারতীয়রাসহ ৩৫ জনকে গ্রেপ্তারের আদেশ দেয় আরব আমিরাত।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও ও কন্টেন্ট অনলাইনে প্রকাশের জন্য ৩৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। এদের মধ্যে ১৯ জনই ভারতীয়। আমিরাতের সংবাদ সংস্থা এমিরেটস একথা জানিয়েছে।

দুই দফায় এই পদক্ষেপ নিয়েছে আমিরাত প্রশাসন। প্রথম দফায়, শনিবার ১০ জনকে গ্রেপ্তারের নির্দেশ দেয় তারা। তাদের মধ্যে দু’জন ভারতীয়। তার পরে দ্বিতীয় দফায় ২৫ জনকে গ্রেপ্তারের কথা বলা হয়। তাদের মধ্যে ১৭ জন ভারতীয়।

আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল শামসি বিবৃতি দিয়ে জানিয়েছেন, সংঘাতের পরিস্থিতি নিয়ে যাতে ভুয়া খবর প্রচার না হয়, সেজন্য গত কয়েক দিন সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি চালানো হয়েছে।

জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন ভুল তথ্যের প্রচার রোধে ডিজিটাল পরিসরে নিবিড় নজরদারির আওতায় এসব গ্রেপ্তারি আদেশ জারি করা হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে।

এতে আরও বলা হয়, “তদন্ত এবং নজরদারিতে দেখা গেছে, অভিযুক্তরা মূলত তিন ভাগে বিভক্ত। তাদের কাজকর্মের ভিত্তিতে সেই বিভাজন করা হয়েছে। এক দল ঘটনার কিছু প্রকৃত ভিডিও পোস্ট করেছে। ফলে দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়তে পারে।

দ্বিতীয় দল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ফুটেজ প্রকাশ করেছে। তৃতীয় দলটি শত্রুপক্ষের গুণগান করে তথ্য প্রচার করেছে।

আমিরাত প্রশাসন বলছে, তাদের পোস্ট করা ভিডিও ও কন্টেন্ট মানুষকে ভুল পথে চালিত করতে পারে। সে কারণে আটককৃত ৩৫ জনকে দ্রুত বিচার করা হবে। দোষ প্রমাণিত হলে তাদের এক বছরের জেল হতে পারে এবং জরিমানা হতে পারে।

রোববার থেকে নতুন করে হামলার মাত্রা বেড়েছে আরব আমিরাতে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এ মুহূর্তে সেগুলোকে আটকানোর জন্য কাজ করছে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

Tags: ইরান যুদ্ধ বিভ্রান্তিকর ভারতীয় গ্রেপ্তার আমিরাত