• জাতীয়
  • ওয়াদা পূরণে আমরা কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

ওয়াদা পূরণে আমরা কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

জাতীয় ১ মিনিট পড়া
ওয়াদা পূরণে আমরা কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একমাসের মতন সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি, বাংলাদেশের মানুষের কাছে আমরা যে ওয়াদাগুলো করেছিলাম, সেই ওয়াদাগুলোর কতগুলো ওয়াদা পূরণে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি।

যেমন আজকে এই দিনাজপুর জেলার কাহারোল এলাকা থেকে আমরা আমাদের খাল খনন কর্মসূচির কাজটি শুরু করেছি।

সোমবার দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত সুধি সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশেই কমবেশি পানির সমস্যা কিছুটা দেখা দিয়েছে। তার কারণ হচ্ছে অনেক বছর ধরে আমাদের নদী-নালা খালগুলো বন্ধ হয়ে গিয়েছে বা ভরাট হয়ে গিয়েছে। এবং ভরাট হয়ে যাবার কারণে এখানে শুষ্ক মৌসুমে পানি থাকছে না, বর্ষা মৌসুমে পানি আসলেও যে পরিমাণ পানি থাকার কথা সে পরিমাণ পানি থাকছে না এবং একই সাথে বর্ষা মৌসুমে বা হঠাৎ করে উজান থেকে যখন পানি আসছে তখন খালগুলো এবং নদীগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে পানিগুলো দুই পাশে মানুষের ঘরবাড়ি ফসল ফালাদি নষ্ট করছে। সেজন্যই আমরা খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি। এই কর্মসূচি শুধু দিনাজপুর নয় সমগ্র বাংলাদেশে।

তিনি বলেন, আমাদের পরিকল্পনা রয়েছে, আগামী পাঁচ বছরে আমরা প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করব। আপনারা নিজেদের এলাকারই যদি চিন্তা করেন এই যে কথাটি আমি বললাম যে খালে পানি থাকছে না কিন্তু পানিটা সাইডে চলে যাচ্ছে বর্ষাকালে। যখন পানিটা প্রয়োজন শুষ্ক মৌসুমে সেই সময় শুকনা থাকছে খাল, পানিশূন্য থাকছে। ফলে জমি আবাদ করতে সমস্যা হচ্ছে। একই সাথে খালে বা নদীতে পানি জমে যাওয়ার কারণে মানুষকে ভূগর্ভস্থ পানির ওপর ডিপেন্ড করতে হচ্ছে এবং এর ফলে যেটা হচ্ছে ভূগর্ভস্থ পানি নিচ থেকে টানতে টানতে সেখানেও আস্তে আস্তে পানি কমে যাচ্ছে।

আজকে থেকে ২০ বছর আগে আমরা নলকূপ খনন করার জন্য যতটুকু গভীরে যেতে হত এখন অনেক বেশি যেতে হয়। আর তখন যদি ১০০-১৫০ ফিটের মধ্যে পানি পাওয়া যেত এখন হয়তো ৬০০-৭০০ ফিট নিচে যেতে হয়, তারপর পানি পাওয়া যায়। আস্তে আস্তে একটি ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। সেজন্যই আমরা চাইছি যে খালগুলো যদি আমরা খনন করি, সেখানে যদি ভরা মৌসুমে এবং শুষ্ক মৌসুমে আমরা পানি ধরে রাখতে পারি, তাহলে মানুষ যেমন ব্যবহার করতে পারবে, কৃষিকাজের জন্য ব্যবহার হবে এবং আস্তে আস্তে ভূগর্ভস্থ পানিটা রিচার্জ হবে যেটি শূন্য হয়ে গিয়েছে সেটি রিচার্জ হবে।

তারেক রহমান বলেন, আপনারা এই সরকারকে নির্বাচিত করেছেন, যারা এই সরকারকে ভোট দিয়েছেন, যারা এই সরকারকে ভোট দেননি, এই সরকার প্রত্যেকের সরকার। এই সরকার দেশের মানুষের জন্য কাজ করতে চায়। এই সরকারকে আপনারাই গঠন করেছেন। আপনাদের রায়ের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। কাজেই আপনাদের সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ আপনাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার জন্য এই সরকার রাতদিন সর্বাত্মক চেষ্টা করবে, সর্বাত্মক কাজ করবে।

Tags: প্রধানমন্ত্রী ওয়াদা পূরণ