• জাতীয়
  • নাটোরের মাটিতে কোনো অন্যায় নির্যাতন মেনে নেওয়া হবে না: হুইপ দুলু

নাটোরের মাটিতে কোনো অন্যায় নির্যাতন মেনে নেওয়া হবে না: হুইপ দুলু

জাতীয় ১ মিনিট পড়া
নাটোরের মাটিতে কোনো অন্যায় নির্যাতন মেনে নেওয়া হবে না: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আজ থেকে নাটোরের মাটিতে কোনো অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি আমি হতে দিব না।

আমার দলের লোক হোক, পরিবারের সদস্য হোক, এমনকি আমার ভাই ভাতিজা বাবা হলেও কোনো ছাড় নয়।

সোমবার বেলা ১২টার দিকে নাটোর জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে জেলার পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

হুইপ আরো বলেন, আমি পরিস্কার ভাষায় বলছি, আজ থেকে ৫ বছর নাটোরে মাদক, জুয়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি যে যতবড় শক্তিশালী সন্ত্রাসী হোক না কেন তাকে গ্রেফতার করতে হবে। কোনো মুখ দেখা দেখি চলবে না। নাটোরের মানুষ আমাকে যে দায়িত্ব দিয়েছে তা সঠিকভাবে পালন করতে সকলের সহযোগিতা চাই। শুধু বিএনপি নয়, জামায়াত এনসিপি সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই।

নির্বাচনের আগের দুলু বিএনপির হলেও নির্বাচিত এমপি দুলু সকলের বলেও তিনি মন্তব্য করেন।

মতবিনিময় সভায় নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। এ ছাড়াও বক্তব্য রাখেন, নাটোর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ, জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম ও নাটোর প্রেসক্লাবের সভাপতি শহীদুল হক সরকার, মুক্তিযোদ্ধা প্রকৌশলী ফরিদ ও বৈষম্যবিরোধী ছাত্রনেতা ওবায়দুল্লাহ মীম প্রমুখ।

এ সময় জেলা পর্যায়ের সকল কমকর্তা, সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ এর হুইপ নির্বাচিত হওয়ার পরে এটি তার প্রথম জেলা সফর হওয়ায় এসময় তাকে নাটোর জেলা বিএনপি, আইনজীবী সমিতি ও প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তর থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি জেলার বড়াইগ্রামের মির্জা মাহমুদ খাল খনন কাজ উদ্বোধন করেন এবং বিকেলে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে মতবিনিময় করেন।

Tags: নির্যাতন নাটোরের মাটি হুইপ দুলু