• আন্তর্জাতিক
  • ইরানের উপহারে তুষ্ট ট্রাম্প: জ্বালানি স্থাপনায় হামলা পেছাল ১০ দিন

ইরানের উপহারে তুষ্ট ট্রাম্প: জ্বালানি স্থাপনায় হামলা পেছাল ১০ দিন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের অনুমতি পাওয়ায় ইরানের জ্বালানি স্থাপনায় হামলা ৬ এপ্রিল পর্যন্ত স্থগিত করলেন মার্কিন প্রেসিডেন্ট।

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
ইরানের উপহারে তুষ্ট ট্রাম্প: জ্বালানি স্থাপনায় হামলা পেছাল ১০ দিন

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বড় ধরনের নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পক্ষ থেকে ‘বিশেষ উপহার’ পাওয়ার পর দেশটির জ্বালানি স্থাপনায় পূর্বনির্ধারিত হামলার সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছেন তিনি। বৃহস্পতিবার (২৬ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চরম উত্তেজনার মাঝে নাটকীয় মোড় নিল যুদ্ধ পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিশেষ অনুরোধ এবং তাদের পক্ষ থেকে পাওয়া একটি ‘উপহারের’ প্রতিদান হিসেবে তিনি দেশটিতে হামলার সিদ্ধান্ত ১০ দিনের জন্য স্থগিত করেছেন।

হামলা স্থগিতের নতুন সময়সীমা ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরান সরকারের পক্ষ থেকে তার কাছে জ্বালানি স্থাপনায় হামলা অন্তত ৭ দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছিল। তবে তিনি তাদের প্রতি সদয় হয়ে ১০ দিন সময় দিয়েছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ এপ্রিল (সোমবার) রাত ৮টা পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। এর আগে ট্রাম্প ৫ দিনের জন্য হামলা স্থগিতের কথা বললেও শেষ মুহূর্তে তা বাড়িয়ে ১০ দিন করেন।

ইরানের পক্ষ থেকে আসা ‘উপহার’ ফক্স নিউজের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প এই সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করেন। তিনি জানান, ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে ১০টি জাহাজ পারাপারের অনুমতি দিয়েছে। ট্রাম্পের ভাষায়, “এটিই সেই উপহার যার কথা আমি আগে বলেছিলাম। তারা আমাকে জাহাজ পারাপারের সুযোগ দিয়েছে। বর্তমান ৮টি জাহাজ যাচ্ছে এবং পরে আরও দুটি যোগ হবে। এই সৌজন্যের প্রতিদান হিসেবেই আমি হামলার ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছি।”

শান্তি প্রস্তাব ও ভবিষ্যৎ সতর্কতা এদিকে হোয়াইট হাউসের একটি ক্যাবিনেট মিটিংয়ে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ওয়াশিংটন ইতিমধ্যেই তেহরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে। ট্রাম্পের মতে, বর্তমানে ইরানের সঙ্গে আলোচনা বেশ ইতিবাচকভাবেই এগোচ্ছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যত দ্রুত সম্ভব এ বিষয়ে সিরিয়াস হওয়া ভালো। সময় শেষ হয়ে গেলে ফিরে আসার সুযোগ থাকবে না এবং তার পরিণতিও ভয়াবহ হতে পারে।”

Tags: donald trump middle east tension iran-us conflict hormuz strait peace proposal energy-infrastructure-attack