• বিনোদন
  • জামিনের শর্ত ভঙ্গ, স্ত্রীর হত্যাচেষ্টা মামলায় অবশেষে গ্রেফতার হিরো আলম

জামিনের শর্ত ভঙ্গ, স্ত্রীর হত্যাচেষ্টা মামলায় অবশেষে গ্রেফতার হিরো আলম

বিনোদন ১ মিনিট পড়া
জামিনের শর্ত ভঙ্গ, স্ত্রীর হত্যাচেষ্টা মামলায় অবশেষে গ্রেফতার হিরো আলম

রাজধানীর হাতিরঝিল থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির তিন দিন পর তাকে গ্রেফতার করা হলো।

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু।

হিরো আলমের স্ত্রী রিয়া মনির দায়ের করা হত্যাচেষ্টা ও মারধরের এক মামলায় জামিনের শর্ত ভঙ্গ করায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। সেই পরোয়নার ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেফতার করে।

যে কারণে জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা

মামলার বাদী রিয়া মনির আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা মামলায় হিরো আলম উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। কিন্তু জামিনে মুক্ত থাকার কোনো শর্তই তিনি মানছিলেন না এবং মামলার বাদীকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছিলেন।

এই প্রেক্ষাপটে রিয়া মনির পক্ষ থেকে আদালতে হিরো আলমের জামিন বাতিলের জন্য আবেদন জানানো হয়। গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান উভয় পক্ষের শুনানি শেষে হিরো আলমের জামিন বাতিল করেন এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আদেশ দেন। এই আদেশের পরপরই তাকে গ্রেফতারে তৎপর হয় পুলিশ।

মামলার এজাহারে যা ছিল

গত ২৩ জুন হিরো আলমের স্ত্রী রিয়া মনি বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে হিরো আলম তার স্ত্রীকে বাসা থেকে বের করে দেন। পরবর্তীতে বিষয়টি মীমাংসার কথা বলে রিয়া মনিকে হাতিরঝিল থানা এলাকার একটি বাসায় ডেকে নেওয়া হয়।

এজাহারে অভিযোগ করা হয়, সেখানে হিরো আলম এবং তার সহযোগী আহসান হাবিব সেলিমসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন ব্যক্তি রিয়া মনিকে হত্যার উদ্দেশ্যে মারধর করে আহত করেন। একই সঙ্গে অভিযুক্তরা তার গলায় থাকা একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নেন বলে মামলায় উল্লেখ করা হয়। এই মামলায় হিরো আলম প্রধান আসামি এবং তার সহযোগী আহসান হাবিব সেলিম দ্বিতীয় আসামি।