ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে একসময় অভিনেতারাই ছিলেন মূল আকর্ষণ, যারা সিনেমার সিংহভাগ আলো এবং অর্থ নিজেদের জন্য কেড়ে নিতেন। কিন্তু সেই দিনের চিত্র এখন বদলে গেছে। বর্তমানে ভারতীয় ডিরেক্টররা তাদের সৃজনশীলতা, দূরদর্শিতা এবং অবিস্মরণীয় বক্স অফিস সাফল্যের জোরে অভিনেতাদের মতোই জনপ্রিয়তা ও আকাশছোঁয়া পারিশ্রমিক পাচ্ছেন।
চলতি বছরে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ৭ ফিল্মমেকারের (Filmmaker) তালিকায় বিস্ময়কর সব অঙ্ক উঠে এসেছে। সিয়াসাত ডটকমের তথ্য অনুযায়ী, পরিচালকরা এখন একটি সিনেমার জন্য ২০০ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন, যা অনেক সুপারস্টারের পারিশ্রমিককেও ছাড়িয়ে গেছে।
নিচে ভারতের সবচেয়ে দামি ৭ পরিচালকের তালিকা তুলে ধরা হলো:
১. এসএস রাজামৌলি (২০০ কোটি রুপি)
ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া পরিচালকদের তালিকায় সবার শীর্ষে রয়েছেন এসএস রাজামৌলি। ‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজি এবং অস্কারজয়ী ‘আরআরআর’ (RRR) খ্যাত এই নির্মাতা নিজের পরিচালিত ৯৯ শতাংশ সিনেমার চিত্রনাট্যকারও বটে। তার পরবর্তী সিনেমা ‘বারাণসী’-র জন্য এই তেলেগু ডিরেক্টর রেকর্ড ২০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।
২. সন্দীপ রেড্ডি ভাঙা (১০০-১৫০ কোটি রুপি)
মাত্র তিনটি সিনেমা—‘অর্জুন রেড্ডি’, ‘কবীর সিং’ এবং ‘অ্যানিমেল’—নির্মাণ করেই তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সন্দীপ রেড্ডি ভাঙা। চিত্রনাট্য ও পরিচালনার মুনশিয়ানায় তিনি এখন প্রতিটি প্রজেক্টের জন্য ১০০ থেকে ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। তার পরবর্তী প্রজেক্টের তালিকায় রয়েছে ‘স্পিরিট’ ও ‘অ্যানিমেল পার্ক’।
৩. অ্যাটলি কুমার (১০০ কোটি রুপি)
বলিউডের বক্স অফিসে শাহরুখ খানের ‘জওয়ান’ দিয়ে ঝড় তোলা দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার আছেন তৃতীয় স্থানে। তার ক্যারিয়ারের অধিকাংশ সিনেমাই ব্যবসাসফল। আল্লু অর্জুনকে নিয়ে নির্মিতব্য তার পরবর্তী সিনেমার (‘এএ২২×এ৬’) জন্য তিনি নিচ্ছেন ১০০ কোটি রুপি।
৪. প্রশান্ত নীল (১০০ কোটি রুপি)
অ্যাটলি কুমারের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন ‘কেজিএফ’ (KGF) খ্যাত কন্নড় ও তেলেগু পরিচালক প্রশান্ত নীল। ‘কেজিএফ চ্যাপ্টার ওয়ান ও টু’ এবং ‘সালার’-এর মতো ব্লকবাস্টার উপহার দেওয়া এই নির্মাতা প্রতিটি সিনেমার জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন।
৫. রাজকুমার হিরানি (৮০ কোটি রুপি)
বলিউডের মাস্টার ক্লাস নির্মাতা রাজকুমার হিরানি রয়েছেন তালিকার পঞ্চম স্থানে। ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’ ও ‘ডাঙ্কি’-র মতো কালজয়ী সিনেমার এই কারিগর বর্তমানে দাদাসাহেব ফালকের বায়োপিক নিয়ে ব্যস্ত। প্রতিটি সিনেমার জন্য তিনি ৮০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন।
৬. সুকুমার (৭৫ কোটি রুপি)
আল্লু অর্জুনের ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজি দিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দেওয়া পরিচালক সুকুমার রয়েছেন ষষ্ঠ স্থানে। ‘পুষ্পা’ ও ‘পুষ্পা টু’-এর সাফল্যের পর এখন তিনি ‘পুষ্পা থ্রি’-এর পরিকল্পনা করছেন। প্রতি সিনেমার জন্য তার পারিশ্রমিক ৭৫ কোটি রুপি।
৭. সঞ্জয় লীলা বানসালি (৬৫ কোটি রুপি)
নান্দনিক ও বিশাল ক্যানভাসে সিনেমা নির্মাণের জন্য খ্যাত ‘পদ্মশ্রী’ বিজয়ী পরিচালক সঞ্জয় লীলা বানসালি রয়েছেন সপ্তম স্থানে। ‘দেবদাস’, ‘পদ্মাবত’ খ্যাত এই নির্মাতা বর্তমানে ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার কাজ করছেন। প্রতিটি সিনেমার জন্য তিনি ৬৫ কোটি রুপি পারিশ্রমিক নেন।