ওজন কমানোর কঠিন পথ ও কারণ
অভিনেত্রী বাঁধন জানিয়েছেন, ১৮ কেজি ওজন কমানোর এই যাত্রা মোটেই সহজ ছিল না। মানসিক স্বাস্থ্য সংগ্রাম, অস্বাস্থ্যকর অভ্যাস এবং বংশগত কারণে তার ওজন বেড়েছিল। তবে সঠিক চিকিৎসকের নির্দেশনা, কঠোর শৃঙ্খলা (ডিসিপ্লিন) ও আত্মবিশ্বাসের জোরেই তিনি এই অসাধ্য সাধন করতে পেরেছেন। এই পরিবর্তন শুধু ওজন কমানো নয়—এটি নিরাময়, শক্তি এবং আত্মসম্মানেরও প্রতীক বলে উল্লেখ করেন তিনি।
মেয়ের অনুপ্রেরণায় ফিটনেস মিশন
বাঁধন আরও জানান, তার এই কঠিন ফিটনেস মিশনে সবচেয়ে বড় শক্তি বা অনুপ্রেরণা ছিলেন তার একমাত্র কন্যা। মেয়েই তাকে শরীরচর্চা করতে, জাঙ্ক ফুড থেকে দূরে থাকতে এবং প্রতিদিন নিজেকে বিশ্বাস করতে সাহস জুগিয়েছে। বাঁধনের এমন আমূল পরিবর্তন দেখে ভক্তরাও বিস্মিত এবং তাকে অনুপ্রেরণামূলক বলে মন্তব্য করেছেন।
হুমায়ূন আহমেদের গল্পে 'বনলতা এক্সপ্রেস'
ব্যক্তিগত ফিটনেসের পাশাপাশি কাজের জগতেও ব্যস্ত সময় পার করছেন বাঁধন। তিনি সম্প্রতি নির্মাতা তানিম নূরের নতুন সিনেমা 'বনলতা এক্সপ্রেস'-এ যুক্ত হয়েছেন। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস 'কিছুক্ষণ' অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে।
এই সিনেমায় যুক্ত হওয়ার পেছনেও মেয়ের অবদান রয়েছে বলে জানান অভিনেত্রী। বাঁধন বলেন, "তানিম নূর যখন এই চরিত্রের কথা বলল, তখন আমার মেয়ে বলেছে—তুমি এটি করো। কারণ আমাকে নাকি সব সময় সিরিয়াস আর অবসাদগ্রস্ত চরিত্রে দেখা যায়। আর হুমায়ূন আহমেদ যে আমার কত পছন্দের, সেটা সবাই জানে। অনেক বছর পর তার গল্পে কাজ করার সুযোগ পাচ্ছি, এটা আমার কাছে বিশেষ কিছু।" তিনি বর্তমানে একই সঙ্গে নিজের নিরাময় ও পেশাগত জীবন—দু'ক্ষেত্রেই এগিয়ে চলেছেন।