নেহা-টনি কক্করের নতুন গান ঘিরে বিতর্ক
মাসখানেক আগের সমালোচনার রেশ কাটতে না কাটতেই ফের নতুন বিতর্কে জড়ালেন নেহা কক্কর। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি তাঁর ভাই টনি কক্করের সুরারোপিত ও তাঁদের দুজনের গাওয়া 'ক্যান্ডি শপ' নামে একটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। এই গানে নেহা এবং টনি দুজনেই অভিনয় করেছেন। গানটি মুক্তির পর থেকেই সমালোচনা শুরু হয়েছে।
নাচের ভঙ্গি ও গানের ভাষা নিয়ে নেটিজেনদের অভিযোগ
গায়িকার বিতর্কিত হওয়ার মূল কারণ তাঁর নাচের ভঙ্গি। নেটিজেনদের অভিযোগ, 'মুখে ললিপপ নিয়ে যেরকম দুষ্টু ভঙ্গিতে নাচ করেছেন নেহা, তাতে ভারতীয় সংস্কৃতি কলুষিত হচ্ছে।' সোশ্যাল মিডিয়ায় নেহার বিরুদ্ধে এমন নানা কটু কথার ভিড় জমেছে।
শুধু নাচের ভঙ্গিই নয়, অভিযোগ উঠেছে গানটির ভাষা নিয়েও। এককথায় বলা চলে, গানটি মুক্তি পাওয়ার পর থেকে নেহা-টনি দুজনেই বিতর্কের মুখে পড়েছেন।
এর আগেও অশালীন নাচের জন্য বিতর্কে নেহা
এটি প্রথম নয়। এর আগেও বিভিন্ন কারণে বিতর্কে জড়িয়েছেন নেহা কক্কর। কখনও শোতে দেরিতে পৌঁছনো, কখনও সাহসী পোশাক, আবার কখনও মঞ্চের পারফরম্যান্স ঘিরে তুমুল চর্চার শিকার হয়েছেন তিনি। সম্প্রতি দুর্গাপুরে কনসার্ট করতে এসেও তিনি অশালীন নাচের ভঙ্গির জেরে বিতর্কে জড়িয়েছিলেন।